চট্টগ্রামে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণ: নিহত ৩, আহত ৪
চট্টগ্রামের হাটহাজারী এলাকায় রোববার একটি পরিত্যক্ত মর্টার শেলের বিস্ফোরণে তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বিকাল পৌনে ৪টার দিকে হাটহাজারী থানা কমপ্লেক্সের অদূরে আফসার পৌর এলাকায় ওই বিষ্ফোরণের ঘটনা ঘটে। একটি ভাঙারির দোকানে পরিত্যক্ত মর্টার শেলটি ভেঙে লোহা-লক্করে পরিনত করার চেষ্টা করা হলে শেলটি প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় দোকান কর্মচারী আব্দুল কুদ্দুস (১৬)। গুরুতর আহত অবস্থায় আরো ছয়জনকে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মারা যায় বাবুল মিয়া (১৮) ও হাবুল মিয়া (৩০)।
আহত অন্য চারজন হচ্ছে একই দোকানের কর্মচারী জসিম (২৫), নূর হোসেন (৪৫), সাঈদ (২৫) ও আজিজ (২৫)।
কিছুদিন আগে হাটহাজারীতে সেনাবাহিনীর ২৪ ডিভিশন পদাতিকের ফায়ারিং রেঞ্জ থেকে অবিস্ফোরিত মর্টার শেল খোয়া যায়। পুলিশের ধারণা, এটি তারই একটি হতে পারে।
