রিলিফ কূপ খনন পিছিয়ে দিলো নাইকো
টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ফিল্ডের গ্যাস নির্গমন বন্ধে নাইকো আপততঃ রিলিফ কূপ খনন করবে না। ভূ - গর্ভের ডাটা সংগ্রহের জন্য তারা একটি তথ্য অনুসন্ধান কূপ (ডাটা অ্যাকুইজিশন ওয়েল) খনন করার আগ্রহ প্রকাশ করেছে।
রোববার কানাডিয়ান কোম্পানি নাইকো বাপেক্সের কাছে তাদের এই নতুন প্রস্তাব উপস্থাপন করে। বলা হয়, এটি প্রাথমিক প্রস্তাব। চলতি সপ্তাহের শেষ নাগাদ নাইকো বাপেক্সের অনুমোদনের জন্য তাদের পূর্ণাঙ্গ প্রস্তাব পেশ করবে।
এই প্রস্তাব নিয়ে নাইকো বা বাপেক্স কোনো পক্ষই সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেছে। তবে নাম প্রকাশ না করার শর্তে বাপেক্সের একজন কর্মকর্তা বিডিনিউজকে বলেন, এটি কার্যতঃ নাইকোর দেয়া তৃতীয় ওয়ার্ক প্রোগ্রাম।
নাইকোর পক্ষ থেকে মাসের শুরুতে যে প্রথম ওয়ার্ক প্রোগ্রাম দেয়া হয় তা ছিল অসম্পূর্ণ। এটি ছিলো কেবলমাত্র কেসিং কিভাবে হবে সে কর্মসূচি। নাইকো তিন স্তরের কেসিং এর প্রস্তাব দিলে বাপেক্স এটি চার স্তরের করে পুর্ণাঙ্গ প্রস্তাব দিতে পরামর্শ দেয়।
এ প্রেক্ষিতে নাইকোর রিলিফ কূপ উপদেষ্টা মার্কিন জিএসএম দ্বিতীয় দফায় একটি পুর্ণাঙ্গ ওয়ার্ক প্রোগ্রাম পেশ করে। এটি নিয়ে আলোচনা শুরুর আগেই নাইকোর পক্ষ থেকে তৃতীয় ওয়ার্ক প্রোগ্রাম পেশ করা হলো।
নাইকো সূত্রে জানা গেছে, কোনো রকম ঝুকি তারা নিতে চায় না বলেই প্রথমে তথ্য অনুসন্ধান কূপ খনন করা হবে। এই খনন হবে দুর্ঘটনা কবলিত স্থলের বিপরীত দিকে। তা থেকে তথ্য সংগ্রহ করে পুরো প্রস্তুতি নিয়ে নাইকো রিলিফ কূপ খননের কাজ শুরু করবে।
তথ্য অনুসন্ধান কূপের কাজ শেষ হবে মধ্য আগস্টে। এর পর ওই মাসেরই কোনো এক সময় রিলিফ কূপ খনন শুরু করা হবে।
বাপেক্সের একজন কর্মকর্তা বলেন, “আমাদের রিলিফ কূপ খননের কোনো অভিজ্ঞতা নেই। অন্যদিকে তথ্য অনুসন্ধান কূপ খননের বিষয়টি আমাদের কাছে নতুন। তাই পুরো ওয়ার্ক প্রোগ্রাম না পাওয়া পর্যন্ত এটা নিয়ে কোনো মন্তব্য করা যাবে না।”
বাপেক্সের সাথে জয়েন্ট ভেঞ্চারের আওতায় নাইকো ছাতকে খনন শুরু করলে ৭ জানুয়ারি সেখানে প্রথম দুর্ঘটনা ঘটে। পরে এই দুর্ঘটনার গ্যাস নির্গমন বন্ধে রিলিফ কূপ খনন করতে গেলে ২৪ জুন আবার দুর্ঘটনা ঘটে।
