২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ দখলদারদের কাছ থেকে ভূমি উদ্ধারে ব্যর্থতার জন্যে সামরিক অধিদপ্তরকে সংসদীয় কমিটির দোষারোপ

অবৈধ দখলদারদের কাছ থেকে ভূমি উদ্ধারে ব্যর্থতার কারণে সামরিক অধিদপ্তরকে দোষারোপ করেছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 08:38 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, কমিটির সদস্যরা রোববার এক বৈঠকে বলেছেন, অধিদপ্তরের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও অবহেলার কারণেই স্বশস্ত্র বাহিনী তাদের নিজেদের ভূমিতেই অধিকার স্থাপনে ব্যর্থ হয়েছে।

ধালামকোট ও জেয়ারসাহারার ১০০ দশমিক ২৬ একর জমির প্রসঙ্গ টেনে কমিটি সদস্যরা বলেন, জমির দখল ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনী অর্থপরিশোধ করেছে এবং পরে মামলার রায়ও সেনা বাহিনীর পক্ষে এসেছে। কিন্তু, অধিদপ্তর তাদের অধিকার প্রতিষ্ঠা করার পরিবর্তে সমঝোতার চেষ্টা করে এবং জনগণ, যারা ইতোমধ্যেই জমির অর্থ পেয়ে গেছে, ৪০ একর জমি দাবি করে।

বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, “টাকা পরিশোধ হয়ে গেছে, আদালতের রায় সশস্ত্র বাহিনীর পক্ষে এসেছে, এ অবস্থায় জনগণের সাথে আর আলোচনায় যাওয়ার প্রয়োজন ছিলো না।”

সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান আরও জানান, বর্তমানে অবেধ দখলদারদের হাতে সশস্ত্র বাহিনীর ৭০০ একর জমি রয়েছে।

বিরোধী দল আওয়ামী লীগের সদস্য কর্ণেল (অব.) শওকত আলী কমিটির পরবর্তী সভায় চট্টগ্রামে অস্ত্রের চালান আটক ইস্যুতে আলোচনা করার দাবি জানান।

কমিটি চেয়ারম্যান বিষয়টিতে আলোচনা করতে সম্মত হযেছেন বলে বৈঠক সূত্র জানায়।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, অর্থ প্রতিমন্ত্রী আনোয়ারুল কবির তালুকদার ও মেজর (অব.) সাঈদ ইস্কান্দার।

সেনা, নৌ ও বিমান বাহিনীর তিন প্রধানও বৈঠকে উপস্থিত ছিলেন।