জাবিতে ছাত্রদল কর্মীদের হাতে সাংবাদিক লাঞ্ছিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীরা রোববার দৈনিক জনকণ্ঠের সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও বর্তমান স্টাফ রিপোর্টার আলমগীর স্বপনকে লাঞ্ছিত করেছে।
সূত্র জনায়, সকাল সাড়ে ১০টায় সমাজবিজ্ঞান চত্ত্বরে ছাত্রদল নেতাকর্মীদের শোডাউন চলাকালে আলমগীর স্বপন পাশদিয়ে যাচ্ছিলেন। এসময় ছাত্রদল কর্মী তানজিমুল ইসলাম তার সম্পর্কে কটূক্তি করায় উভয়ের মাঝে কথা কাটাকাটি শুরু হয়।
এক পর্যায়ে তানজিম স্বপনকে ধাক্কা দেয় ও বাজে কথা ভলতে থাকে।
আলমগীর স্বপন বলেন, বিভিন্ন সময় ছাত্রদলের কর্মকান্ডের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় তাকে লাঞ্ছিত করা হয়।
সনদপত্র উঠাতে তিনি ক্যাম্পাসে এসেছিলেন বলে জানান।
জাবি ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন এবং জাহাঙ্গীরনগর থিয়েটার এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।
