খুলনায় জোড়া খুন মামলায় ৭ চরমপন্থীর যাবজ্জীবন
খুলনার ডুমুরিয়া উপজেলার চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার রায়ে সাত চরমপন্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরো তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। খুলনার দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. আব্দুস সামাদ রোববার দুপুরে এ রায় ঘোষণা করেন।
অভিযোগ প্রমান না হওয়ায় ১৯ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে পাঁচজন পলাতক। সাজাপ্রাপ্তরা হলেন, চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির প্রধান মৃনাল ওরফে মনোরঞ্জন ওরফে মানিক, দেবু প্রাসাদ ওরফে দেবু, প্রভাত মন্ডল, দীপঙ্কর মন্ডল, জাকির মোড়ল, নাসির মোড়ল ও তপন বসাক। দেবু ও প্রভাত জেলহাজতে রয়েছে।
২০০৩ সালের ৯ মে অস্ত্রধারীরা উপজেলার রাজাপুর গ্রামের খলিলের মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে আবুল কাসেম ওরফে খোকন এবং ইউনুস আলীকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।
