২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক সম্পদ আহরণে নিজস্ব সামর্থ্য বৃদ্ধির জন্যে প্রধানমন্ত্রীর আহবান

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, তেল ও গ্যাসসহ দেশের প্রাকৃতিক সম্পদের হিস্যা বিদেশীদের না দিয়ে এসবের সন্ধান ও আহরণে নিজস্ব সামর্থ্য বৃদ্ধি করতে হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 06:58 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

তিনি রোববার বগুড়ায় গ্যাস সরবরাহ উদ্বোধনকালে এ আহবান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গ্যাস ও তেলসহ প্রাকৃতিক সম্পদের সন্ধান ও আহরণের পুরো সামর্থ্য অর্জন করতে পারিনি। আর সেজন্যে বিদেশীদের ওপর নির্ভর করতে হয় এবং তাদের সম্পদের হিস্যা দিতে হয়।

এক্ষেত্রে অনেক সময় নানা ধরনের সমস্যা ও জটিলতা সৃষ্টি হয় বলে প্রধানমন্ত্রী বলেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিদ্যুত, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, যদি আমরা প্রাকৃতিক সম্পদের সন্ধান ও আহরণে সামর্থ্য অর্জন করতে পারি এবং এক্ষেত্রে সাবলম্বি হতে পারি, তাহলে কাউকে ভাগ দিতে হবে না।

শুধু গ্যাস নয় আমাদের দেশে পর্যাপ্ত তেলেরও মজুদ আছে বলে প্রধানমন্ত্রী জানান।

বগুড়ার সিলিমপুরে সুধী সমাবেশে বক্তব্যকালে প্রধানমন্ত্রী বলেন, আজকের এ শুভ দিনে ঘোষণা দিচ্ছি বগুড়া পর্যন্ত গ্যাস এসে থেমে থাকবেনা। অচিরেই রাজশাহীতে গ্যাস যাবে। এছাড়া পর্যায়ক্রমে উত্তরবঙ্গের সকল শহর এবং খুলনা, যশোরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে গ্যাস সরবরাহ করা হবে।

প্রধানমন্ত্রী বগুড়ায় গ্যাস সরবরাহের সুযোগকে কাজে লাগিয়ে গ্যাসভিত্তিক শিল্প গড়ে তোলার প্রতি উদ্যোক্তাদের আহবান জানান।

তিনি বলেন, এর ফলে এলাকাবাসী ও দেশের অর্থনীতি উপকৃত হবে এবং দেশের উন্নয়ন হবে। বিদ্যুৎ ও শিল্পে আমরা যত বেশি গ্যাস ব্যবহার করতে পারবো, দেশ তত উন্নত হবে।

উন্নয়নের জন্যে সামজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলে তিনি উল্লেখ করেন। এবং শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করার জন্যে সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড ৫০ কোটি টাকা ব্যয়ে বগুড়ায় এ গ্যাস সরবরাহ নেটওয়ার্ক স্থাপন করে। প্রাথমিকভাবে ২০০০ গ্রাহককে গ্যাস সরবরাহ দেওয়া হবে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি ১২০ টাকা ব্যয়ে এলেঙ্গা থেকে বগুড়া পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করে।

পরে প্রধানমন্ত্রী পুরাণ বগুড়ার তিনমাথায় ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে যুব কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এছাড়াও প্রধানমন্ত্রী তার নির্বাচনী এলাকা বগুড়া শহর, গোকুল, নুনগোলা, এবং নিশিন্দারায় জনসংযোগ করেন।