অবৈধ জমি দখলকারীদের পাঁচ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার বিধান করা হচ্ছে
অবৈধ জমি দখলকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানার বিধান করা হচ্ছে।
ভূমি আইন ১৯৭০ এর সংশোধনীর খসড়ায় এ প্রস্তাব করা হয়। সরকারি, বেসরকারি যে কোনও জমির ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।
রোববার ভূমি জবর দখলের বিষয়ে অভিযোগ গঠন এবং তদন্ত সংক্রান্ত কার্যক্রম মনিটরিং জাতীয় নির্বাহী কমিটির সপ্তম সভায় এ খসড়া চূড়ান্ত করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এসভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব ড. সা’দত হুসাইন ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খসড়াটি মন্ত্রিপরিষদের সভায় পাশ করা হলে পরবর্তী সংসদ অধিবেশনে পাশ করা হবে।
অবৈধভাবে দখলকৃত সরকারি ও ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধার কার্যক্রম আরও জোরদার করার জন্যে বিদ্যমান আইনের ধারা সংশোধন করে এ খসড়ায় কয়েকটি নতুন ধারা সংযোজন করা হয়।
এ অনুযায়ী আইন পাশ হলে সরকারি জমির পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন জমিও উদ্ধার করা সম্ভব হবে। ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধারের জন্যে জেলা প্রশাসকদের কাছে দখলকারীদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে। অভিযোগ দাখিলের পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনও ব্যবস্থা নেওয়া না হলে জাতীয় নির্বাহী কমিটির কাছে আবেদন করা যাবে।
ড. সা’দত হুসাইন বলেন, অবৈধ জমি উদ্ধারের জন্যে সরকারিভাবে খরচ বহন করা হবে। এ ব্যাপারে সকল জেলা প্রশাসকের কার্যালয়ে অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে। এ জন্যে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় এক কোটি টাকা অনুমোদন দিয়েছে।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে অবৈধ দখলে যাওয়া ১,৫০৮ একর খাস জমি উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১,১৭৫ কোটি টাকা।
প্রাথমিকভাবে দেশের ৪৮টি জেলায় সরকারি বেসরকারি জমি উদ্ধারের কাজ শুরু করা হবে বলে জানানো হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে ভূমি সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, পরিবেশ ও বন সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, তথ্য সচিব, অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
