২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন তালিকার ভিত্তিতে চট্টগ্রামের সন্ত্রাসীদের গ্রেফতার করতে গ্রিন সিগন্যালের অপেক্ষায় র‌্যাব

নতুন তালিকা অনুযায়ী বন্দর নগরী চট্টগ্রামের চারশ’র বেশি সন্ত্রাসীকে গ্রেফতার করতে শিগগিরই অভিযান শুরু করতে যাচ্ছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 08:32 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল পেয়েই র‌্যাব ক্ষমতাসীন জোটসহ অন্যান্য দলের সন্ত্রাসীদের গ্রেফতারে কম্বিং অপারেশন পরিচালনা করবে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

দীর্ঘ ছয় মাস ধরে খোাঁজ খবর নিয়ে ৪১৫ জন সন্ত্রাসীর একটি তালিকা তৈরি করেছে র‌্যাব।

সূত্র জানায়, সন্ত্রাসীদের বেশ কয়েকজন গডফাদার ও সাহায্যপুষ্টদের নাম রয়েছে এ তালিকায়।

চট্টগ্রামে ২০০৪ সালের এপ্রিলে যাত্রা শুরু করে র‌্যাব সন্ত্রাসীদের তালিকা তৈরি করেছে এবং গত এক বছরে নগরী ও অন্যান্য জেলা থেকে ধ্বংসাত্মক আগ্নেয়াস্ত্রসহ ৬৩৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

র‌্যাব সন্ত্রাসীদের সম্পর্কে খোঁজ খবর নেয়ার সময় বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছোট খাট সন্ত্রাসীদের গ্রেফতার করার পর শীর্ষ সন্ত্রাসীরা আত্মগোপন করে।

অত্যাধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত আন্ডারওয়ার্ল্ডের এসব সন্ত্রাসীরা অপহরণ, চাঁদাবাজি, ভূমি দখল ও নিরীহ জনগণকে ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে।

জোট সরকারের ছত্রছায়ায় থেকে গডফাদারদের সরাসরি তত্ত্ববধানে এসব সন্ত্রাসীরা অপরাধ সংঘটিত করছে। তবে সূত্র জানায়, তলিকায় যেসব গডফাদারের নাম রয়েছে তাদের কাউকেই রেহাই দেয়া হবে না।

নতুন তালিকা ইতোমধ্যেই পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে এবং গত ১১ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকে তা অনুমোমিত হয়।