২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে পাচারকালে ২ কোটি টাকা মূল্যের কোরিয়ান ত্রিপলসহ ৬টি ট্রাক আটক

মায়ানমারের লেবেল লাগিয়ে সীমান্ত উপজেলা টেকনাফ থেকে অন্যত্র পাচারকালে  বিডিআর ২ কোটি টাকা মূল্যের কোরিয়ান ত্রিপল (প্লাস্টিক জাতীয়) বোঝাই ৬টি ট্রাক আটক করেছে। বৃহস্পতিবার রাতে টেকনাফ দমদমিয়া চেকপোস্টে এই চোরাই মালামাল আটক করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

আটককৃত মালামালের মুল্য ২ কোটি ২২ লাখ টাকা ও ৬টি ট্রাকের মূল্য ৪ কোটি ১ লাখ টাকা হিসাবে বিডিআর ৬ কোটি ২৩ লাখ টাকার মালামাল উদ্ধার দেখিয়েছে। এঘটনায় বিডিআর বাদী হয়ে দু’টি প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির নাম উল্লেখ করে টেকনাফ থানায় মামলা দায়ের করেছে।

সূত্র জানায়, কোরিয়ান আমদানী নিষিদ্ধ ত্রিপল মায়ানমারের ত্রিপল দেখিয়ে আমদানীকারকরা ৩টি বিল অব এন্ট্রির বিপরীতে যথাক্রমে ৩১, ২১ ও ১০ মেট্রিক টন বা  মোট ৬২ মেট্রিক টন ত্রিপল আমদানী দেখায়। এর জন্য প্রতি টনে ৫৫০ ডলার হিসেবে ৩৪ হাজার ১শ ডলার রাজস্ব আদায় করে। পরে মিয়ানমারের ত্রিপলের আদলে কোরিয়ান ত্রিপল ৬টি ট্রাকে বোঝাই করে দেশের অন্যত্র নিয়ে যাওয়ার পথে দমদমিয়া বিডিআর জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে মালামাল তল্লাশী করলে সেগুলোতে ‘মেইড ইন কোরিয়া’ লেখা দেখতে পায়।

সূত্র জানায়, আটককৃত প্রতিটি রোলে রয়েছে ১০০ গজ ত্রিপল। এ ধরনের ২,৩৩৬ রোল ত্রিপল আটক করে বিডিআর। প্রতি গজের মূল্য ৯৫ টাকা হারে যার মূল্য ২ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা। তাৎক্ষণিকভাবে টেকনাফ উপজেলা বির্নাহী কর্মকর্তা মহসিন চৌধুরী চেকপোস্টে এসে মালামাল তদারকি করেন।

বিডিআর সুত্রে জানা যায়, আটককৃত ত্রিপল ও ট্রাকের মুল্য ৪ কোটি টাকা ছাড়িয়ে যাবে। আটককৃত ট্রাকগুলো হচ্ছে- ঢাকা মেট্রো-ট-১৪-০৯৯২,চট্রমেট্রো-ড-১১-০২৪৫, ঢাকামেট্রো-ট-১৪-৩১০৫, ফেনী-ট-১১-০১৩৫, ঢাকামেট্রো-ঢ-১৪-২৭৬৩ ও চট্টমেট্রো-ট-১১-১১৫৪। এসব মালামাল উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ ২৩ রাইফেলের ব্যাটালিয়নের লেঃ কর্ণেল ইব্রাহীম।

বিডিআর শুক্রবার আটককৃত মালামাল কাষ্টমসে হস্তান্তর করে। এঘটনায় বিডিআর বাদী হয়ে চোরাচালান মামলা দায়ের করেছে। মামলায় আসামী করা হয়েছে টেকনাফের নতুন মার্কেট এলাকার মেসার্স নুর ট্রেডার্স, চট্টগ্রামের মাঝির ঘাট এলাকার মেসার্স এম. হোসেন এন্টারপ্রাইজ, মোজাম্মেল ও আনোয়ার গংকে।

অভিয়োগ রয়েছে, টেকনাফ স্থল বন্দর ও কাষ্টমসের কতিপয় দূর্নীতিবাজ কর্মকর্তার সহযোগিতায় চোরাকারবারীরা দীর্ঘদিন ধরে তৃতীয় দেশের আমদানী নিষিদ্ধ মালামাল পাচার করে যাচ্ছে।