২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে আসা কুমির দেখতে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

ভারত থেকে আসা মিঠা পানির পাঁচটি কুমির দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানায় ভীড় করছে। বেড়ে গেছে গেট ঠিকাদারদের আয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 02:31 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিরগুলো আনার পর থেকে চিড়িয়াখানায় দর্শনার্থী সংখ্যা দিনে এক থেকে দেড় হাজার বেড়েছে।

এ পাঁচটি কুমির ঢাকা চিড়িয়াখানার সকল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ।

বাংলাদেশ থেকে মিঠাপানির কুমির বিলুপ্ত হয়ে যাওয়ার প্রেক্ষিতে ভারতের মাদ্রাজের ক্রোকোডাইল ব্যাংক থেকে বিনামূল্যে ৪০টি কুমির আনা হয়। এগুলোর মধ্যে ২৯টি ডুলা হাজরা সাফারি পার্কে, ছয়টি খুলনার খানজাহান আলী মাজারের দীঘিতে আর  বাকি  পাঁচটি কুমির রাখা হয়েছে ঢাকা চিড়িয়াখানার উত্তরাংশের গরিয়ালের বড় পুকুরের পাশে।

প্রতিদিন অসংখ্য দর্শনার্থী কুমিরগুলো দেখতে পুকুরপাড়ে ভিড় জমায়। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ছিল কুমির দেখতে আসা উৎসুক দর্শনার্থীদের উপচেপড়া ভীড়।

ধোলাই খালের বাচ্চু মিয়া (৩০), এসেছেন নববিবাহিতা স্ত্রীকে নিয়ে।  তিনি জানালেন, পত্রিকায় পড়ে জেনেছেন কুমিরের কথা। নতুন বউকে কুমির দেখাতেই চিড়িয়াখানায় নিয়ে এসেছেন।

মিরপুরের শহীদ পুলিশ স্মৃতি স্কুলের নবম শ্রেণীর ছাত্র রাফসান ছ’বন্ধুসহ এসে উচ্ছ্বাসে ফেটে পড়ে বলে, কই আমাদের বৈদেশিক বন্ধুরা কই”। অনেকে কুমিরগুলোর বিমানে চড়ার ভাগ্য নিয়েও রসালো আলাপ করছিলেন আর কুমির দেখছিলেন।

ঢাকা চিড়িয়াখানার কিউরেটর মফিজুর রহমান  জানান, কুমিরগুলো এখানে ভাল আছে। বরং মাদ্রাজে ৬/৭ হাজার কুমির স্বল্প জায়গায় একসঙ্গে গাদাগাদি করে রাখা হয়েছিল। এখানে ওদের থাকা খাওয়া ও পরিচর্যা নেয়া হচ্ছে। প্রতিদিন খাদ্য তালিকায় দুই কেজি গরু/মহিষের মাংস, শোল মাছ, লেকের ছোটমাছ ও খাদ্যের সঙ্গে দেওয়া হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ও মিনারেল । সপ্তাহে একদিন মাছ দেওয়া হয়।

১৫/১৬ বছর বয়সী এ কুমিরগুলো প্রজননক্ষম এবং পাঁচটির মধ্যে চারটি স্ত্রী ও একটি পুরুষ প্রজাতির কুমির। কিছুদিন পর কুমিরগুলোকে ক্রোকোডাইল শেডে স্থানান্তর করা হবে।