বাংলাদেশে বায়ুচালিত পাওয়ার প্লান্ট চালু
বিকল্প শক্তি উৎপাদনের লক্ষ্য হিসেবে একটি বিদেশী কোম্পানির সহায়তায় পাইলট প্রোজেক্টের আওতায় বাংলাদেশ প্রথমবারের মতো উইন্ডমিল স্থাপন করেছে।
ভারতীয় এনইপিসি কোম্পানির অর্থায়নে ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পিডিবি’র সরাসরি তত্ত্বাবধানে ফেনী জেলার মুহুরিতে তিন ব্লেডবিশিষ্ট মোট চারটি উইন্ডমিল আগেই স্থাপন করা হয়েছিল। প্রতিটি উইন্ডমিল পঞ্চাশ ফিট লম্বা। সর্বোচ্চ ২২৫ কিলোওয়াট বিদ্যুত উৎপাদনে সক্ষম। এক একটি উইন্ডমিল স্থাপনে ব্যয় হয়েছে সাত কোটি ৩৬ লাখ টাকা।
পিডিবি’র একটি সূত্র জানায়, পল্লী বিদ্যুত সমিতির সরবরাহকৃত সংযোগ তারের সাথে চারটি উইন্ডমিল থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুত নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করা হচ্ছে। গত চার মাসে প্রতিদিনই এক মেগাওয়াট করে বিদ্যুত উৎপাদিত হয়েছে বলে সূত্র জানায়।
পিডিবি’র প্রতিবেদন অনুযায়ী, উপকূল এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে ত্রিশটি করে উইন্ডমিল স্থাপনের মাধ্যমে পিডিবি দুই হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করতে পারবে। আর সমুদ্র উপকূলে প্রস্তাবিত উইন্ডমিল ঘন্টায় ২৫০ কিলোমিটার বেগে ঘুর্নিঝড় হলেও টিকে থাকবে বলে সূত্র জানিয়েছে।
বর্তমানে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে দেশের ৯০ শতাংশ বিদ্যুত উৎপাদিত হয়। একই ধারায় যদি গ্যাসের সহায়তায় বিদ্যুত উৎপাদন চলতে থাকে তাহলে আগামী পনের বছরের মধ্যে মজুদ গ্যাস ফুরিয়ে যাবে।
প্রতিবেদনের আরও বলা হয়, এটা সস্তা, জ্বালানি বাঁচায় এবং কোন কিছু দূষিত না করেই শক্তি উৎপাদন করতে সক্ষম।
