ঝালকাঠির ডাকঘরে শিশু পিয়ন!
ঝালকাঠির আগরবাড়ি শাখা ডাকঘরে ডাকপিয়ন পদে তিন বছর ধরে এক শিশু কাজ করে আসছে।
ফোরকান শিকদার নামে এই শিশু বর্তমানে স্থানীয় টাইগার মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। চাকরি করলেও তাকে কোন কাজ করতে হয়না। এলাকায় পিয়ন হিসাবে তাকে কেউ চিনেও না। তার বাবা মোবারক হোসেন ওই ডাকঘরেরই পোস্ট মাস্টার। তিনি নিজের কাজের সাথে সাথে ছেলের কাজও করে যাচ্ছেন এবং মাস শেষে দুজনের বেতন ভাতা তুলে নিচ্ছেন বলে ডাকঘরের সাবেক পোস্ট মাস্টার মুন্সী সাহাবুদ্দিন আহাম্মেদ সাংবাদিকদের জানিয়েছেন।
তিন বছর আগে দুর্নীতির মাধ্যমে তার শিশুপুত্র ফোরকানকে ডাকপিয়ন পদে নিয়োগ দেয়া হয়।
ঝালকাঠির বর্তমান পোস্টাল ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল হক আগরবাড়ি ডাকঘরে পিতা পুত্রের এই চাকরির কথা স্বীকার করে জানান সাবেক ইন্সপেক্টরের সময়ে এই নিয়োগ হয়েছে। তিনি জানান এতে কোন অনিয়ম আছে কিনা তা তদন্ত করে দেখা হবে।
