২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রেলওয়ের নতুন ট্যাংক ওয়াগন চালু

বাংলাদেশ রেলওয়ে জ্বালানি তেল পরিবহনের জন্য বৃহস্পতিবার ৩০ টি ওয়াগন বিশিষ্ট নতুন ট্রেন চালু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

বাংলাদেশ রেলওয়ের উন্নয়নে বাংলাদেশ সরকারের অর্থায়নে চীন থেকে ছিয়ানব্বইটি ট্যাংক ওয়াগন এবং চারটি ব্রেক ভ্যান সংগ্রহ পকল্পের আওতায় এ ৩০ টি ওয়াগন সংগ্রহ করা হয়। যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন।

উদ্বোধণী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আ ফ ম মোস্তাফিজুর রহমান এবং ওয়াগন সরবরাহকারী চীনা প্রতিষ্ঠান সি এসআর ডগলিং এন্ড রোলিং মিলের প্রেসিডেন্ট লুই ডিইমা বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, রাজধানী ঢাকার সাথে চট্টগ্রামের সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা আরো গতিশীল করার লক্ষ্যে সরকার সড়ক পথে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেস ওয়ে নির্মাণ ও দ্রুতগামী ইলেকট্রিক ট্রেন প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় ১০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে এ ওয়াগনগুলো ব্যবহার করে  দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত জ্বালানি তেল পরিবহণের মাধ্যমে জাতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করবে এবং এতে রেলওয়ের তেল পরিবহন ক্ষমতা ৯ শ’ ৯৩ মেট্রিকটন বৃদ্ধি পাবে।

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ২১৯ হাজার মেট্রিকটন তেল সরবরাহ করে থাকে।