২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় মন্ত্রীর পুলিশ প্রোকেটশনের কর্মকর্তাসহ ৪ জন নিহত, ১৪ জন আহত

পাবনায় বৃহস্পতিবার পৃথক দৃটি সড়ক দুর্ঘটনায় মন্ত্রীর  প্রোটেকশনের কাজে নিয়োজিত আর্মড পুলিশের এক এসআইসহ চারজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ পুলিশসহ আরও ১৪ জন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2005, 04:44 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ জানায়, বন ও পরিবেশ মন্ত্রী তরিকুল ইসলাম, প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী ও কৃষি প্রতিমন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ঈশ্বরদীর ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তাদের গাড়ি বহর দাশুরিয়া মোড়ের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীদের গাড়ি বহরের পুলিশ প্রোটেকশনের গাড়িকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই আর্মড পুলিশের এসআই আইয়ুব আলী (৩৩) নিহত ও অপর পাঁচ কনস্টেবল গুরুতর আহত হয়। আহতদের মধ্যে ইমরুল কায়েস, রবিউল ইসলাম, ফখরুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অর্জুনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় পুলিশের পিক-আপটি দুমড়ে মুচড়ে যায়।

পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

এদিকে, সকাল সাতটার দিকে পাবনা-নগরবাড়ি মহাসড়কের মাধপুরে পাবনাগামী একটি মিনিবাস দুর্ঘটনায় পতিত হলে মিনিবাসের যাত্রীদের উদ্ধারে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় একটি দ্রুতগামী ট্রাক গ্রামবাসীর ওপর উঠে পড়লে চরপাড়া গ্রামের সাইফুল ইসলাম(৪৫) ও মাধপুরের হারেজ আলী (৩২) ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যায়। ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকেই উত্তেজিত জনতা পাবনা-নগরবাড়ি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। চারঘণ্টা পর দুপুর ১২টার দিকে প্রশাসনের সাথে আলোচনার পর এলাকাবাসী অবরোধ তুলে নেয়।