২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপিতে এলজিইডি’র বরাদ্দ ৩,০৬৪ কোটি টাকা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জন্য ২০০৫ - ০৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ব্যয় ধরা হয়েছে ৩,০৬৪ কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৫০০ কোটি টাকা বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2005, 05:40 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এ বছর ৫৯টি প্রকল্পের অধীনে সরকারি বরাদ্দ ১,৬৩৩ কোটি টাকা এবং এডিবি, বিশ্ব ব্যাংক, জাইকা, ড্যানিডাসহ দাতা সংস্থার বরাদ্দ ১,৪৩১ কোটি টাকা।

এলজিইডি সূত্রে জানা যায়, ২০০৪ - ০৫ অর্থবছরের এডিপিতে এলজিইডির ৬৩টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছিল ২,৫৪২ কোটি টাকা। এর মধ্যে সরকারি বরাদ্দ ছিল ১,৯০২ কোটি টাকা। ওইসব প্রকল্পে বিভিন্ন দাতা সংস্থা ৬৪০ কোটি টাকা বরাদ্দ দেয়।

এর মধ্যে পল্লী অবকাঠামো উন্নয়নে এলজিইডি ৪,৬৭৯ কিলোমিটার পাকা রাস্তা, ৫,৯১৭ কি.মি মাটির রাস্তা, ৪৫,৫৬৯ মিটার ব্রিজ ও কালভার্ট, ১৫০টি গ্রোথ সেন্টার, ১৩ টি সাইক্লোন শেল্টার, ২৫৫টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ, ৩৩,০০০ হেক্টর ক্ষুদ্রাকার জলাধারের পানি সম্পদ উন্নয়নের মাধ্যমে সেচ এলাকা বৃদ্ধি ও ২,০২৪ কি.মি রাস্তায় বৃক্ষরোপন করে।

নগর অবকাঠামো উন্নয়ন খাতে ১৫০ কি.মি রাস্তা ও ফুটপাত, ৮৩৩ মিটার ব্রিজ ও কালভার্ট, ৪,৫৪২টি ল্যাট্রিন ও পাঁচটি বাস টার্মিনাল নির্মান, ২,৩৮৯ কি.মি নর্দমা, তিনটি সুপার মার্কেট ও কিচেন মার্কেট উন্নয়ন ও ২৮৫টি হস্তচালিত নলকূপ স্থাপন করা হয়।

এছাড়াও এলজিইডি রাজধানীর খিলগাঁও এ ৮২ কোটি টাকা ব্যয়ে প্রায় দুই কিলোমিটার ফ্লাইওভার নির্মাণ করে।

এলজিইডির গৃহীত প্রকল্পগুলোর মধ্যে ১১টি প্রকল্পের কাজ চলতি অর্থবছরে শেষ হওয়ার কথা।

এলজিইডির প্রধান প্রকৌশলী শহিদুল হাসান বিডিনিউজকে জানান, ২০০৪ - ০৫ অর্থবছরে গৃহীত বিভিন্ন প্রকল্পের ৯৭ ভাগ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। এসব প্রকল্পে বিভিন্ন পর্যায়ের ব্যাপক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়।

তিনি আরও জানান, এলজিইডি রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় আরও একটি ফ্লাইওভার নির্মাণের জন্য জরিপ শুরু করেছে। জরিপ ও ফ্লাইওভারের নকশা তৈরির পর অর্থ পাওয়া গেলে চলতি অর্থবছরের মধ্যে এ প্রকল্পের নির্মাণ কাজও শুরু হতে পারে।