২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্ববধায়ক সরকার সংস্কার ইস্যুতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসতে হবে : আনোয়ার চৌধুরী

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, তত্ত্ববধায়ক সরকার সংস্কার ইস্যু নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে আলোচনায় বসতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

মঙ্গলবার নগরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি বিষয়টি বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি পরবর্তী নির্বাচন হবে সুষ্ঠ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এ ব্যাপারে আমরা সবসময় সহায়তা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তত্ত্ববধায়ক সরকার সংস্কার নিয়ে বিরোধী দলের দাবি সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ইস্যু নিয়ে আলোচনার জন্যে বিরোধী দল ও সরকারকে মুখোমুখি বসতে হবে।  কোনও ইস্যু বা সমস্যা সমাধানের এটাই হলো একমাত্র পথ।

তিনি বলেন, আমরা আশা করি প্রকৃত সমস্যা চিহ্নিত করতে উভয় পক্ষই একসঙ্গে আলোচনায় বসবে।  ইউরোপীয় ইউনিয়ন বা অন্য কেউ তাদের সমস্যা সমাধান করতে পারবে না।  বাংলাদেশের জনগণ, সরকার এবং বিরোধী দলকেই এই সমস্যা সমাধান করতে হবে। সুতরাং আমাদের আহবান, তারা একসঙ্গে আলোচনায় বসে একটি সমাধান খুঁজে বের করুক।

বহুল আলোচিত ‘টুয়েজ ডে গ্র“প’ সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গল্পগুজব আর চা খাওয়া ছাড়া কিছুই করি না।

আনোয়ার চৌধুরী বলেন, আমরা নির্বাচনের ওপর বিশেষ নজর দিচ্ছি। গত নির্বাচনে ‘টুয়েজ ডে গ্র“প’ নির্বাচনী প্রস্তুতি নিতে বাংলাদেশকে সহায়তা করেছিল।এবারও আমরা তাই করতে করতে চাই।

তিনি বলেন,  আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন দল, সরকার, বিরোধী দল, নির্বাচন কমিশন, অন্যান্য নীতি নির্ধারকদের মধ্যে এক টেবিলে বসে আলোচনার ব্যবস্থা করতে চাই।

তিনি আরও বলেন, এটা কোনও নতুন ব্যাপার নয়। গত সপ্তাহে পাকিস্তানে এ ধরণের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভারতের নির্বাচন কমিশনারকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সম্মেলনে সরকার ও বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে।

ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত এসকো কেনট্রোশিয়েন্সকি, জার্মানীর রাষ্ট্রদূত ডিয়েট্রিচ আন্দ্রিয়াস, ইতালী, সুইডেন ফ্রান্সের রাষ্ট্রদূত এবং নেদারল্যাণ্ডের চার্জ ডি এ্যফেয়ার্স সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

জার্মানীর রাষ্ট্রদূত বলেন ‘টুয়েজ ডে গ্র“প’ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে মতবিনিময় করেছে।

তত্ত্ববধায়ক ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যু শুধুমাত্র নির্বাচন নয় বরং সমগ্র রাজনীতিতেই তার প্রভার পড়বে।

দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন মানবাধিকার কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে আনোয়ার চৌধুরী, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রদূত এসকো এবং জার্মানীর রাষ্ট্রদূত ডিয়েট্রিচ বলেন, শুধুমাত্র দুর্নীতি দমন কমিশন এবং স্বাধীন মানবাধিকার কমিশন সংস্থা থাকাই যথেষ্ট নয়।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, তাদের সক্রিয়ভাবে কাজ করতে হবে।

জার্মান রাষ্ট্রদূত বলেন, বিদেশী বন্ধুদের কাছে সাহায্য না চেয়ে এই সংস্থা গুলোকে সক্রিয় করার দাবি বাংলাদেশের জনগণের কাছ থেকেই আসতে হবে।