২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার হয়রানি থেকে রক্ষার জন্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

রাজধানীর বাবুবাজারের একটি পরিবার মিথ্যা মামলার হয়রানি থেকে রক্ষার জন্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ঢাকা রিপোটার্স ইউনিটিতে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নিজেকে হয়রানির শিকার হিসেবে বর্ননা করে নাজমা বেগম জানান, তিনি ৬৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা। হয়রানি থেকে মুক্তির জন্যে তিনি তার পরিবারের পক্ষে সরকারের সর্বোচ্চ পর্যায়ের এ হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাজমা বেগমের স্বামী ক্ষুদ্র কাগজ ব্যবসায়ী মো. আলাউদ্দিনকে চারটি মিথ্যা মামলার আসামি করে কতোয়ালী থানার দারোগারা বারবার চাঁদা আদায় করছেন।

সম্মেলনে জানানো হয়, এক জুলাই শুক্রবার  কতোয়ালী থানার দারোগা আমীর ব্যবসায়ী আলাউদ্দিনকে  হুমায়ুন কবির হত্যার মামলার আসামি বলে আটক করে এক লাখ টাকা দাবি করে। অন্যথায় ক্রসফায়ারের হুমকি দেয়। ভয়ে নাজমা বেগম গহনা বিক্রি করে দারোগাকে নগদ ৪২ হাজার টাকা এবং ১০ হাজার টাকার একটি মোবাইল সেট দেয়। এর আগে অন্যান্য মিথ্যা মামলার আসামি করে কোতয়ালী থানার দারোগা মজিবর ও কামরুল হাতিয়ে নেয় যথাক্রমে ৮০ হাজার ও ৩৫ হাজার টাকা।

সম্মেলনে আরও বলা হয়, গত ছয় মাসে আলাউদ্দিনকে অন্যায়ভাবে পাঁচ/ছয় বার ধরে নিয়ে হয়রানি করা হয়েছে। আলাউদ্দিন পুলিশের ভয়ে ব্যবসা বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাজমা বেগমের ছয় ছেলে ও এক মেয়ে।