ঢাকা-রিয়াদ সম্পর্ক জোরদার হচ্ছে
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইকরাম উল হক বলেছেন, সৌদি আরব বাংলাদেশ পারস্পরিক সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তারসহ ৫০০ ডাক্তার সম্প্রতি সৌদি আরবে নিয়োগ পেয়েছে। সৌদি সরকার ইতিমধ্যে বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে।
ইকরাম উল হক সৌদি সংবাদপত্র নিউজ ডেইলি’র সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, ডাক্তারদের প্রথম ব্যাচ ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছেছেন এবং দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র কাজ করছেন।
তিনি আরও জানান, সৌদি সরকার বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে। ঢাকাস্থ সৌদি দূতাবাসের মাধ্যমে এ ব্যাপারে সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া যেতে পারে। বাংলাদেশ যদি সৌদি আরবের কিছু নিয়মনীতি মেনে চলে, তাহলে বাংলাদেশের পক্ষে তেলসম্মৃদ্ধ ধনী দেশটিতে ওষুধ পণ্য রপ্তানি করা সম্ভব হবে।
ওষুধ রপ্তানিকারকরা বিষয়টিতে আশাবাদী। তাদের মতে, সৌদি নিয়ম মেনে ওষুধ উৎপাদনে খরচ অনেক। দেশের প্রধান কয়েকটি ওষুধ কোম্পানি তা করতে পারবে। বর্তমানে বাংলাদেশের ২ শ’ ৩০ টি ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের বার্ষিক আয় প্রায় ৫শ’ মিলিয়ন ডলার।
রাষ্ট্রদূত হক বলেন, এ বছরের শেষদিকে ঢাকায় অনুষ্ঠেয় সৌদি- বাংলাদেশ অর্থনৈতিক ও কারিগরি সহায়তা বিষয়ক যৌথ কমিশনের সভায় দ্বৈত কর ব্যবস্থা পরিহার করতে একটি চুক্তি চূড়ান্ত করা হবে। এ বছর জুনে রিয়াদে অনুষ্ঠিত সভার ফলোআপ হিসেবে ঢাকায় সভা অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, দুপক্ষই ইতিমধ্যে ঐক্যমতে পৌছেছে, বিনিয়োগ ও যৌথ সহায়তাসহ বিভিন্ন বিষয়ে দুদেশের মধ্যে চুক্তি হতে পারে।
