নওগাঁয় ব্র্যাক অফিসে বোমা হামলার মামলায় ড. গালিবের জামিন মঞ্জুর, অপর মামলার জামিন নামঞ্জুর
নওগাঁয় ব্র্যাক অফিসে বোমা হামলার মামলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমীর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের শিক্ষক ড. আসাদুল্ল্যাহ আল গালিব এবং তার তিন সহযোগীর জামিন মঞ্জুর হয়েছে।
বিশেষ ট্রাইবুন্যাল আদালতে মঙ্গলবার সকাল ১১টায় ড. গালিব ও তার তিন সহযোগীকে হাজির করে জামিন প্রার্থনা করা হলে মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বিজ্ঞ বিচারক আব্দুল হাকিম মণ্ডল তাদের জামিন মঞ্জুর করেন।
এ মামলা থেকে ড. গালিব ও তার তিন সহযোগীকে অব্যাহতি দানের সুপারিশ করে তদন্তকারী কর্মকর্তা ২৮ জুন আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
মঙ্গলবার চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য্য থাকলেও পি.পি.অনুপস্থিত থাকায় শুনানি সম্ভব হয়নি। পরবর্তী তারিখ ধার্য্য হয়েছে ৮ আগস্ট।
অন্যদিকে, একই দিনে ড. গালিব ও তার তিন সহযোগীকে নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলায় হাজির করে রানীনগর উপজেলার চরমপন্থী ইদ্রিস আলী খেজুর হত্যা মামলায় জামিন প্রার্থনা করা হলে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করেন।
