গাজীপুরে বিআরটিসির যানবাহন মেরামত কারখানা পুনরায় চালু হচ্ছে বুধবার
গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত বিআরটিসির সমন্বিত যানবাহন মেরামত কারখানাটি দীর্ঘ দিন বন্ধ থাকার পর বুধবার পুনরায় চালু হতে যাচ্ছে।
তথ্য অধিদপ্তর সূত্র জানায়, আধুনিক যন্ত্রপাতি স্থাপন, প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের পর রাষ্ট্রীয় খাতের এ কারখানাটি পুনরায় চালু করা হচ্ছে। পুনরায় চালু হওয়ার প্রথম পর্যায়ে বেসরকারি খাতের যানবাহন মেরামতের পাশাপাশি বিআরটিসির একশ’ সাতাশটি পুরনো ডবল ডেকার বাস মেরামতের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া ভলবো বাস ও ট্রাকের বডি তৈরি, যানবাহনের পুরনো ইঞ্জিন বদল এবং বিভিন্ন ধরনের যানবাহনের টায়ার রিট্রিড করার আধুনিক সুবিধা ও সার্ভিস প্রদানের সুযোগ রয়েছে এ কারখানাটিতে।
১৯৮০ সালে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে জয়দেবপুরে বিআরটিসির যানবাহন মেরামত কারখানাটি গড়ে তোলা হয়।
যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বুধবার কারখানাটি পুনরায় চালু করা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
