২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে উচ্ছেদ অভিযানকালে সংঘর্ষে আহত ৬০, আটক ১০

চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী মোহনা সড়কের লালদিঘীর চর এলাকায় দখলদার উচ্ছেদ অভিযান চলাকালে মঙ্গলবার সকালে পুলিশ ও স্থানীয়দের সংঘর্ষে  কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১০ জন পুলিশ এবং ১০ জন মহিলা রয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 03:36 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ম্যাজিস্ট্রেটের গাড়িসহ আটটি গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জন বাসিন্দাকে আটক করে। এদের মধ্যে সাবের এবং মো. আলী নামে দুজনকে পতেঙ্গা পুলিশ স্টেশনে পাঠানো হয়েছে।

আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। এদের মধ্যে পুলিশ ইন্সপেক্টর মো. ইলিয়াসকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল এবং এলাকার দুজন অজ্ঞাত পরিচয় বাসিন্দাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়েছে।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮০ রাউন্ড রাবার বুলেট ও ২০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলী বলেন, পিরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত এখানে উচ্ছেদ অভিযান চলবে।

জানা যায়, বন্দর কর্তৃপক্ষ ২০০১ সালে নতুন এবং পুরাতন বিমান বন্দরের মধ্যবর্তী লালদিঘীর চর এলাকা থেকে অবৈধ দখলদার উচ্ছেদের ব্যাপারে মামলা করে। ২০০৩ সালে এলাকাবাসী হাইকোর্টে রিট করে। হাইকোর্ট ৭ জুলাই বন্দর কর্তৃপক্ষের পক্ষে রায় দিয়ে ওই এলাকা থেকে বসবাসকারীদের উচ্ছেদের আদেশ দেন। এরপর বাসিন্দাদের আপিল আর করার সুযোগ না দিয়ে ম্যাজিস্ট্রেট মো. মুনীর চেীধুরীর নেতৃত্বে আড়াই শতাধিক পুলিশ মঙ্গলবার উচ্ছেদ কার্যক্রম শুরু করতে গেলে সেখানকার বসবাসকারীদের সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এসময় উত্তেজিত লোকজন লাঠি, কিরিচ, বল্লম নিয়ে পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এলাকাবাসী রাস্তায় বড় গাছ ফেলে ব্যারিকেড সৃষ্টি করে। সংযোগ বিচ্ছিন্ন করতে আসা বিদ্যুতের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ম্যাজিস্ট্রেটের গাড়ি ও পুলিশের একটি পিকআপসহ আটটি গাড়ি ভাংচুর করে। উচ্ছেদ কাজে নিয়োজিত বুলডোজার গড়িয়ে নদীতে ফেলে দেয়।

জানা যায়, লালদিঘীর চর এলাকায় ৬০ এর দশক থেকে লোকজন বসবাস করে আসছে। এলাকার মোট আয়তন ৮৬ একর। এই জায়গাটিকে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব সম্পত্তি বলে দাবি করে বিভিন্ন ধাপে পুরো এলাকা থেকেই অবৈধ দখলদার উচ্ছেদের পদক্ষেপ নেয়। মঙ্গলবার এর মধ্যে প্রায় ২৩ একর জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়। ফলে নারী শিশুসহ প্রায় ছয় হাজার মানুষ এখন কর্ণফুলীর তীরে খোলা আকাশের নিচে বাস করছে।