সৌদিতে অগ্নিদুর্ঘটনা: নাছের মিয়ার বাড়িতে এখন শোকের মাতম
ব্রাক্ষণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের হাওর বেষ্টিত প্রত্যন্ত গ্রাম ছালিয়াবাড়ির নাছের মিয়ার (২৭) বাড়িতে এখন চলছে শোকের মাতম।
শনিবার সৌদি আরবের তায়েফ শহরে সোফা তৈরীর কারখানার অগ্নিদুর্ঘটনায় যে সাতজন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে তাদেরই একজন নাছের মিয়া । নাছেরের বাবা হতদরিদ্র হাবিব মিয়া ৬০ শতক ফসলী জমি বিক্রি ও ৮০ হাজার টাকা ঋণ করে লাখ দুয়েক টাকার বিনিময়ে দুবছর আগে নাছেরকে সৌদি আরবে পাঠান।
পাঁচ ভাই--বোনের মধ্যে সবার বড় নাছের বিদেশে গিয়ে সংসারের হাল ধরবে এটাই ছিলো পরিবারের সবার আশা।
সোমবার বিকালে ব্রাক্ষণবাড়িয়া শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ছালিয়াবাড়ি নামক ওই গ্রামে গিয়ে দেখা যায়, শোকার্ত নাছের মিয়ার বাড়িতে আত্মীয়--স্বজন ও এলাকাবাসীর ঢল নামে। নিহত নাছেরের মা পারুল ও ভাই বোনের আহাজারী এলাকার বাতাস এখন ভারী। কোনো শান্তনাই তাদেরকে নিবৃত্ত করতে পারছে না।
রামরাইল ইউপির চেয়ারম্যান আব্দুল গফুর বিডিনিউজকে জানান, নিহত নাছের ছিলো সকলের প্রিয়ভাজন ব্যক্তি।
