২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ও সিলেটে মঙ্গলবার টেলিটক অনলাইন ফরম বিতরণ শুরু

বিটিটিবি মোবাইল ফোন কর্তৃপক্ষ চট্টগ্রাম ও সিলেটে  মঙ্গলবার টেলিটক অনলাইন ফরম বিতরণ শুরু করছে। প্রায় এক লাখ গ্রাহককে সিমকার্ড দেয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

১০ দিন ধরে সিমের জন্য আবেদনপত্র গ্রহন করা হবে এবং আগস্টে কম্পিউটারাইজড লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এম ওবায়দুল্লাহ বিডিনিউজকে জানান, বিজয়ীরা এরপর অনুমোদিত ব্যাংকের কাছের শাখা থেকে সিম সংগ্রহ করতে পারবে।

তিনি আরও জানান, বিটিটিবি মোবাইল এবং অন্যান্য প্রাইভেট মোবাইল অপারেটরদের সঙ্গে আন্তঃসংযোগের বিষয়টি এখনও পর্যন্ত নিশ্চিত হয়নি। আগামী এক মাসের মধ্যে তা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, জনগণের দুর্ভোগ ও অব্যবস্থাপনা লাঘব হয় বলে কর্তৃপক্ষ অনলাইন পদ্ধতি গ্রহন করছে।

এর আগে ঢাকায় প্রথম দফায় ৪ লাখ ৩৩ হাজার ৪৬১ জন আবেদনকারীর মধ্য থেকে কম্পিউটার পদ্ধতিতে লটারির মাধ্যমে ৫০ হাজার আবেদনকারীকে মনোনীত করা হয়। এরপর ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত সিম বিতরণ অব্যাহত থাকে।