এলজিইডি ২৩টি জেলায় উন্নয়ন প্রকল্প শুরু করছে
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে রাজশাহী, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ২৩টি জেলায় উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), কেএফডব্লিউ, জিটিজেড এবং ডিএফআইডির অর্থায়নে ছয় বছর মেয়াদী এ প্রকল্পের কাজ শুরু হবে ২০০৬ সালের জুলাই মাসে।
সোমবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আয়োজিত ‘গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান ও স্থানীয় সুশাসন’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, উল্লেখিত জেলাগুলোর ১৮২টি উপজেলার ১ হাজার ৮৩২টি ইউনিয়নে প্রকল্পগুলো বাস্তবায়নে প্রায় ২৮ কোটি মার্কিন ডলার ব্যয় হবে।
প্রধান প্রকৌশলী শহীদুল হাসানের সভাপতিত্বে এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া।
আরও বক্তব্য রাখেন, স্থানীয় সরকার সচিব এএইচএম আবুল কাশেম, এডিবির প্রতিনিধি মিজ হুয়া দু, বাংলাদেশে জার্মান রাষ্ট্রদূত ডিয়েট্রিচ অ্যান্ড্রিয়াস, ডিএফআইডি কর্মকর্তা মাইকেল স্কট প্রমুখ।
মান্নান ভূূঁইয়া বলেন, সরকারের দারিদ্র্য বিমোচন কৌশলপত্রে (পিআরএসপি) জাতীয় ও স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে
ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এটি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র্য হ্রাস ও স্থানীয় সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখবে।
অনুষ্ঠানে বলা হয়, দেশের দুই লাখ ৩৬ হাজার ৭২৮ কিলোমিটার সড়কের মধ্যে দুই লাখ ১৮ হাজার ১৪ কিলোমিটার সড়কই গ্রামীণ সড়ক। এর মধ্যে উপজেলা সড়ক ৩৫ হাজার কিলোমিটার, ইউনিয়ন সড়ক ৪৫ হাজার ৫৫ কিলোমিটার এবং গ্রামীণ কাঁচা সড়ক এক লাখ ৩৭ হাজার ৩৭৭ কিলোমিটার।
