মেদিনীপুর সীমান্তে বিডিআর-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবন নগর উপজেলার মেদিনীপুর সীমান্তে সোমবার বিডিআর ও বিএসএফ এর মধ্যে ব্যাটেলিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বৈঠক চলে।
বৈঠকে চোরাচালান প্রতিরোধ, চুরি-ডাকাতি, পুশ ইন-পুশ ব্যাকসহ সীমান্ত অপরাধ বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
মেদিনীপুর সীমান্তের ৬১ নং মেইন পিলারের ৭ নং সাব পিলারের পাশে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিডিআর পক্ষে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গার ১৮ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল আবু সুফিয়ান তালুকদার। অন্যদিকে বিএসএফ পক্ষে উপস্থিত ছিলেন ৬১ ব্যাটেলিয়নের কমান্ড্যান্ট লে. কর্ণেল কৈলাশ সাহা। উভয় ব্যাটেলিয়নের দু’জন করে স্টাফ অফিসারও এ সময় উপস্থিত ছিলেন।
দু’ঘন্টার এ বৈঠককে সৌহার্দ্যপূর্ণ বলে মন্তব্য করেন ১৮ রাইফেলস ব্যাটেলিয়নের মূখপাত্র মেজর আখতারুজ্জামান।
