রাজধানীর মিরপুরে গুলিতে এক মহিলা এবং নিউমার্কেটে ক্রেতার হাতে চা বিক্রেতা নিহত
রাজধানীতে রোববার মিরপুরে অজ্ঞাত ঘাতকের গুলিতে এক মহিলা নিহত এবং নিউমার্কেটে এক ক্রেতার সাথে মারামারির এক পর্যায়ে চা বিক্রেতা নিহত হয়।
নিহত নাজমা আক্তার কাকলী (৩০) মীরপুরের সেকশন ১৩ এর ১৫/ডি ব্লকের ৩/৫ নং বাড়ির বাসিন্দা আলমগীর হোসেনের স্ত্রী।
পল্লবী পুলিশ জানায় নিহত নাজমা আক্তার একজন মাদক ব্যবসায়ী এবং মাদক ব্যবসার জের ধরে এ হত্যকাণ্ড ঘটে। নিহতের পরিবার পুলিশের এ বিবৃতি অস্বীকার করেছে।
গুলিবিদ্ধ নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমসিএইচ সূত্রে জানা গেছে, শামিম গ্র“পের সন্ত্রাসীরা নাজমার নির্মাণাধীন ভবনের জন্য চাঁদা দাবি করে বলে নাজমার বাবা নুরুল ইসলাম জানিয়েছেন।
এদিকে নিউমার্কেটের ফুটপাতের চা দোকানী শেখ আলম (২২) ক্রেতার সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে ক্রেতার আঘাতে অজ্ঞান হয়ে পড়ে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। দায়ী ক্রেতা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চা ভালো না হওয়ার অভিযোগে ওই ক্রেতা তাকে আঘাত করে।
