এরশাদের দায়ের করা চুরি, ভাঙচুর ও হত্যাকা-ের হুমকির মামলায় বিদিশার জামিন স্থায়ী
সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের দায়ের করা চুরি, ভাঙচুর ও হত্যাকা-ের হুমকির মামলায় বিদিশার জামিন স্থায়ী করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বিদিশা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে সশরীরে হাজির হন। বিদিশার পক্ষে নিযুক্ত আইনজীবী তার জামিন স্থায়ী করার আবেদন জানান। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিন স্থায়ী করার বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে মহানগর দায়রা জজ মো. মমিন উল্লাহ বিদিশার জামিন স্থায়ী করেন। এরশাদ ৪ জুন গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এটি ছিল বিদিশার বিরুদ্ধে এরশাদের দায়ের করা প্রথম মামলা। মামলা দায়ের হলে পুলিশ ওইদিনই বিদিশাকে গ্রেপ্তার করে আদালত থেকে তিন দিনের রিমান্ডে নেয়। ১১ জুন ঢাকা মহানগর দায়রা জজ মমিন উল্লাহ এ মামলায় বিদিশার অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। শনিবার ছিল এ মামলার নথিসহ চূড়ান্ত শুনানির নির্ধারিত তারিখ।
বিদিশার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দায়ের করা পাসপোর্ট জালিয়াতির মামলায় শনিবার সিএমএম আদালতে হাজিরার তারিখ ধার্য থাকলেও সময়মতো হাজির না হয়ে সাড়ে ১২টায় হাজির হওয়ায় তাকে গড় হাজির করা হয়।
