এসএসসি ও দাখিল পরীক্ষায় ৪০৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
এবারের প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে দেখা যায়, মোট ৪০৯টি মাদ্রাসা ও বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।
এর মধ্যে অর্ধেকেরও বেশি মাদ্রাসা। মোট ২২৪টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পরীক্ষায় পাস করতে পারেনি।
এছাড়াও কোনো শিক্ষার্থীই পাসের মুখ দেখেনি রাজশাহী শিক্ষা বোর্ডের ৮৯টি এবং ঢাকা শিক্ষা বোর্ডের ৪৭টি বিদ্যালয় থেকে।
বরিশালের ৩৭টি, চট্টগ্রামের পাঁচটি, সিলেটের চারটি এবং যশোরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানও এবার ফলাফলের তালিকায় শুন্য পেয়েছে ।
তবে কুমিল্লা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ওই তালিকায় কোনো প্রতিষ্ঠানের নাম নেই।
বোর্ড সূত্র জানায়, ২০০৪ সালে দেশের ৫৬৭টি বিদ্যালয়, কারিগরি (ভোকেশনাল) প্রতিষ্ঠান ও মাদ্রাসার কোনো শিক্ষার্থী পাস করেনি। ২০০৩ সালে এর সংখ্যা ছিলো ৬৪২টি। এছাড়াও ২০০২ সালে ৫১২টি, ২০০১ সালে ৪৭৪টি, ২০০০ সালে ২৯৮টি এবং ১৯৯৯ সালে ১৪৩টি শিক্ষা প্রতিষ্ঠান কোনো সাফল্যের মুখ দেখেনি।
এ ব্যাপারে শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলন বিডিনিউজকে বলেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি, তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
