২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী এবং নারায়নগঞ্জে ২ সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত

রাজধানীর মোহাম্মদপুর এবং নারায়নগঞ্জের বন্দর থানায় কথিত দুই সন্ত্রাসী পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 04:35 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, নিহত খন্দকার ইকবাল হেসেন দীপ ওরফে গলাকাটা মাসুমকে (৩০) শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশের সাথে ক্রসফায়ারের ঘটনাটি ঘটে শনিবার ভোরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কাছে।

পুলিশ জানায়, নিহত দীপ ছিল কর্মহীন গরিব একটি যুবক। তার  বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে কোন অপরাধমূলক কর্মকান্ডের রেকর্ড দেখাতে পারেনি পুলিশ।

এসআই সোবহানের সাথে যোগাযোগ করলে তিনি বিডিনিউজকে জানান, গ্রেফতারের পর দীপের স্বীকারোক্তি অনুযায়ী, অস্ত্র ও তার সহযোগীদের আটক করতে ডিবি সদস্যরা তাকে নিয়ে ঐ এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা গুলি চালিয়ে দীপ কে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এসময় বন্দুক যুদ্ধ শুরু হলে দীপ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

পুলিশ ঘটনাস্থল থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার করেছে।

অন্যদিকে নারায়নগঞ্জের বন্দর থানাধীন মুরাদপুর এলাকায় শনিবার ভোরে পুলিশের সাথে ক্রসফায়ারে মকবুল হোসেন (৩৫) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

পুলিশ জানায়, আলী আহমদের ছেলে মকবুল তালিকাভুক্ত সন্ত্রাসী সুরত আলী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে সিদ্ধরগঞ্জ ও বন্দর থানায় হত্যাসহ ১৭ টি মামলা রয়েছে।

মকবুলকে শুক্রবার বিকেলে সোনারগাঁও থানা পুলিশ আটক করে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার মধ্যরাতে পুলিশ তাকে নিয়ে অন্ত্র ও তার সহযোগীদের আটক করতে  মুরাদপুর এলাকায় গেলে সেখানে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধ শুরু হয়।

বন্দুকযুদ্ধে মকবুল ঘটনাস্থলে মারা যায়।