২৯ বছরে ৫০০ লঞ্চ দুর্ঘটনায় ৪২০০ জনের মৃত্যু
২৯ বছরে ৫শ’টি লঞ্চ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ২শ’ জনের ।
লঞ্চ দুর্ঘটনা বিষয়ক একটি সমীক্ষা প্রতিবেদনের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুক্রবার নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট এই তথ্য জানায়।
১৯৭৬ থেকে ২০০২ পর্যন্ত চালিত জরিপে দেখান হয় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ২শ’ ৪৯টি দুর্ঘটনা ঘটে। এতে প্রাণ হারায় ৩ হাজার ৩ শ’ ৪১ জন।
বেসরকারি সেচ্চাসেবী সংগঠন (এনজিও) কোস্ট ট্রাস্ট’র সিনিয়র সমন্বয়কারী মোহাম্মদ শামসুদ্দোহা জানান, দুর্ঘটনায় পতিত লঞ্চগুলোর শতকরা ৭০ ভাগেরই নির্মাণ কাজ ত্রুটিপূর্ণ ছিলো।
‘আনসেইফ রিভার রুট’ নামে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট এবং সুশাসনের জন্য প্রচারাভিযান ।
শামসুদ্দোহা বলেন, নৌপথের নিয়মিত রুটগুলোতে যাতায়াতকারী ২০ হাজার নৌযানের মধ্যে ১০ হাজার বেশি নৌযানের কোন নিবন্ধন নেই। অন্যদিকে নিবন্ধনকৃত অধিকাংশ নৌযানের আবার নক্সা ঠিক নেই।
সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ত্রুটিপূর্ন নক্সা, অদক্ষ সারেং, মাস্টারদের অবহেলা, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন, নিরাপত্তাজনিত আইন মেনে না চলা, নৌযানে যথাযথ আলোর অভাব, দুটি লঞ্চে মধ্যে অশুভ প্রতিযোগিতা, আবহাওয়ার পূর্বাভাষ সম্পর্কে অসচেতনতা বা অজ্ঞতা এবং নদীতে পেতে রাখা মাছ ধরার জালের সাথে জাড়ানোর কারণে নৌদূর্ঘটনা ঘটে।
চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী ও খুলনা জেলার ম্যাজিস্টেটের নেতৃত্বে চারটি মোবাইল নৌ কোর্ট স্থাপন, নদীর ধারে পুলিশ ফাঁড়ি স্থাপন, যাত্রীদের নৌবীমা বাধ্যতামূলক করা, ভাসমান রুট চিহ্নত করা, দুর্ঘটনায় পতিতদের উদ্ধারে জন্য দূর্গম এলাকায় টাস্কফোর্স গঠন করা এবং উদ্ধার কর্মীদের প্রশিক্ষণ প্রদানের জন্য সরকারে কাছে নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট দাবি জানান।
আলোচনায় বক্তারা বলেন, নৌ পরিবহন মন্ত্রী কর্ণেল আকবর হোসেন লঞ্চ দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য নানা সময় নানা প্রতিশ্রুতি দিয়ে আসলেও কাজের সময় তার একটি কথারও বস্তবায়ন ঘটাননি।
সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারোয়ার প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন।
নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট এর সভাপতি সৈয়দ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডি কনসালট্যান্ট ড. তোফায়েল আহমেদ, বিআইডিসি’র সাবেক চেয়ারম্যান আজিজুল হক, সেভ দ্য চিলড্রেন এর দূর্যোগ বিশেষজ্ঞ গওহর নাঈম এবং নিরাপদ নৌপথ বাস্তবায়ন জোট এর আহবায়ক আমিনুর রাসেল বাবুল ।
