২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে বাংলাদেশী দু’যুবক নিহত, বেনাপোল সীমান্তে উত্তেজনা

বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর সীমান্তের বিপরীতে ভারতের বনবিবিতলা মাঠে শুক্রবার ভোরে বিএসএফ এর ব্রাস ফায়ারে বাংলাদেশী দুই যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

 নিহতরা হচ্ছে স্থানীয় গয়ড়া গ্রামের আ.জব্বার (২৬)-পিতা নওসের আলী এবং পোড়াবাড়ী নারায়নপুর গ্রামের আব্দুল কাদের (২৮)-পিতা মনুমিয়া।

বিএসএফ লাশ হস্তান্তর করেনি।

এ ঘটনায় উভয় সীমান্তবর্তী গ্রামগুলোতে আতংক বিরাজ করছে। বিডিআর তাৎক্ষনিকভাবে  বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, দুই যুবক চোরাচালানকৃত মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবকরা ছিল হাফ প্যান্ট বাহিনীর চোরাচালানী সদস্য। ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল ভারত থেকে চোরাই মালামাল নিয়ে বাংলাদেশে ঢোকার সময় বিএসএফ ওই দলের ওপর ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।

অবশ্য বিডিআর বলেছে, নিহতরা কোন দেশের নাগরিক, সে ব্যাপারে বিএসএফ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের আত্মীয়স্বজনরা স্থানীয় চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের কাছে লাশ ফিরে পাওয়ার আশায় ধর্না দিচ্ছিলো।