লন্ডনের পাতাল রেলে বোমা বিস্ফোরণে উদ্বিগ্ন প্রবাসীদের স্বজনরা
লন্ডনের পাতাল রেলে বোমা বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার সিলেটে স্থানীয় অধিবাসীদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।
সিলেটসহ অন্যান্য জেলার অধিবাসীরা টেলিফোনে তাদের লন্ডন প্রবাসী আত্মীয়স্বজনদের খোঁজখবর নিচ্ছে। সিলেটের সর্বত্রই মানুষের জিজ্ঞাসা, লন্ডনে কী ঘটেছে এবং প্রবাসীরা কেমন আছে?
লন্ডনের বাংলা পত্রিকার সাংবাদিকরা জানান, সেন্ট্রাল লন্ডনের ছয়টি পাতাল স্টেশনে যাতায়াতকারী ট্রেনগুলোতে শতকরা ১০ভাগ ও ২৫ নং রুটের ওই বাসের যাত্রীদের অন্তত ৩০ ভাগ বাঙালি বংশোদ্ভুত বৃটিশ নাগরিকরা চলাচল করে। যে স্টেশনগুলোতে একযোগে বোমা হামলা চালানো হয়েছে, সেগুলো হচ্ছে, কিংক্রস, লিভারপুল, অলগেইট ইস্ট, রাসেল স্কয়ার, নরবেইট এবং অ্যাজোয়া রোড স্টেশন। আর ২৫ নং বাসটি রাসেল স্কয়ার সেন্টারে যাওয়ার পরই এর ভেতর বিস্ফোরণ ঘটে।
সাপ্তাহিক জনমতের সাংবাদিক ইসহাক কাজল জানান, এ দুর্ঘটনার পর পূর্ব লন্ডনসহ সেন্ট্রাল লন্ডনের অধিবাসীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পূর্ব লন্ডনের বাঙালিরা ঘটনার পরপরই নিজনিজ বাসভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানে আটকা পড়ে। লন্ডনের সময় বিকাল তিনটা পর্যন্ত এ অবস্থা বিরাজ করছিল।
