২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্বল প্রশাসন ও দরিদ্র অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়: জাপানি রাষ্ট্রদূত

জাপানের রাষ্ট্রদূত মাৎসুশিরো হরিগুচি বৃহস্পতিবার বলেছেন, বাংলাদেশের অগ্রগতির অন্তরায় হিসেবে দুর্বল শাসনব্যবস্থা ও দরিদ্র অবকাঠামো অনেকাংশে দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 09:33 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

তিনি জানান, প্রশাসনিক উন্নতি সাধনের মাধ্যমে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা বৃদ্ধির বিষয়টি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসন্ন জাপান সফরে বিশেষ প্রাধান্য পাবে।

জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ-জাপান মৈত্রী সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দানকালে তিনি একথা বলেন।

জাপানি রাষ্ট্রদূত আরও জানান, বৃহত্তর ও অর্থনৈতিক উন্নয়ন সাধনে বাংলাদেশকে সহায়তা করতে জাপান সরকার একটি নতুন ধরণের ‘কান্ট্রি এ্যাসিস্টেন্স প্রোগ্রাম’ প্রণয়ন করছে।

অনুষ্ঠানে উপস্থিত পানিসম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম রাষ্ট্রদূতের অভিযোগ খ-ন করে বলেন, শাসনব্যবস্থার দুর্বলতার বিষয়টি আমাদের সমাজেরই কিছু লোকের অপপ্রচার মাত্র।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রশাসনে যথেষ্ট উন্নয়ন হয়েছে।

মন্ত্রী কৃষিখাতে বিনিয়োগ করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদে জাপানের প্রার্থিতার প্রতি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমর্থন দানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এমনকি জাপান যদি বাংলাদেশের সমর্থন নাও চায়, তবু বহুদিনের বিশ্বস্ত বন্ধু হিসেবে আমরা জাপানকে সমর্থন করে যাবো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন’র প্রতিনিধি কিয়োশি আমাদা, জেট্রো’র প্রধান সোতারো নিশিকাওয়া, জাইকা’র আবাসিক প্রতিনিধি আকিও আরাই, সাবেক রাষ্ট্রদূত এম জামির এবং বাংলাদেশ-জাপান মৈত্রী সমিতির সভাপতি আমিনুল ইসলাম।