২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনএসআই’র হাতে সাংবাদিক প্রহারের প্রতিবাদে অবস্থান ধর্মঘট পালন

ন্যাশনাল সিকিউরিটি ইনটেলিজেন্স (এনএসআই) কর্তৃক বৃহস্পতিবার দুই ফটো সাংবাদিককে  আটক ও মারধোর করার প্রতিবাদ করতে গিয়ে তাদের হামলায় আহত হয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের আরও চারজন ফটো সাংবাদিক।  আহতরা বর্তমানে নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

এনএসআই’র  এই আচরণের প্রতিবাদে ও দায়ী কর্মকর্তাদের শাস্তির দাবিতে দুপুরে সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় আড়াই ঘন্টার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করে। এ সময় নগরীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।

আহত সাংবাদিকরা হচ্ছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জনকন্ঠের মীর আহমদ মিরু, ডেইলি স্টারের আনিসুর ররহমান, ভোরের কাগজের রাজা এবং জনকন্ঠের শেখ মামুন ও এনামুল কবীর।

সূত্র জানায়, সকাল ১১ টা ২০ মিনিটে জনকন্ঠের ফটো সাংবাদিক এনামুল কবীর সেগুনবাগিচার এনএসআই অফিসের দেওয়ালের ছবি তোলার সময় এনএসআই সদস্য তাকে ধরে ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে বেদম মারধোর করে। প্রায় প্রায় এক ঘন্টা পর এনামুল তাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনাটি অফিসকে জানান ।

খবর পেয়ে অপর ফটো সাংবাদিক শেখ মামুন দ্রুত এনএসআই অফিসে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চান। কিন্তু এনএসআই সদস্যরা এ সময় মামুনকে গ্রেফতার করে ভেতরে নিয়ে মারধোর করে।

এই ঘটনা জানাজানি হলে ৬/৭ জন ফটো সাংবাদিক বিষয়টি জানতে এনএসআই অফিসের দিকে যান। ফটো সাংবাদিকদের দেখেই এনএসআই সদস্যরা তাদের ওপর হামলা করে। এ সময় ফটো সাংবাদিকরা আত্মরক্ষার্থে ছুটোছুটি করতে থাকেন।

গ্রেফতারকৃত দুই সাংবাদিককে মারধোর করার পর এনএসআই তাদের রমনা থানায় হস্তান্তর করে।

এই ঘটনায় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।  জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ ফটো সাংবাদিক এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেয়। এ সময় তারা সাংবাদিকদের ওপর হামলাকারিদের বিচার দাবি করে। প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন আহমদ, মঞ্জুরুল আহসান বুলবুল, আলতাফ মাহমুদ, এলাহি নেওয়াজ খান, শফিকুর রহমান প্রমুখ।

সমাবেশ চলাকালে পুলিশের কর্মকর্তারা আটককৃত দুই সাংবাদিককে জাতীয় পেসক্লাবে নিয়ে আসেন। এরপর সাংবাদিকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেন।

এনএসআই কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তারা ঘটনা সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হয়নি।