নতুন আইনের কারণে ভূমি রেজিস্ট্রেশন ব্যাপক হারে হ্রাস পেয়েছে
জমি রেজিস্ট্রির নতুন নিয়ম চালু হওয়ার পর দেশের বিভিন্ন সাব রেজিস্ট্রার অফিসে জমি দলিল রেজিস্ট্রির সংখ্যা আশংকাজনকভাবে কমে গেছে।
বুধবার বিডিনিউজের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, জমির ক্রেতা ও বিক্রেতার সত্যায়িত ছবি এবং জমি রেজিস্ট্রির সময় ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি বাধ্যতামূলক করার কারণে অনেকে এখন জমি রেজিস্ট্রি করতে পারছে না।
সাতক্ষীরা প্রতিনিধি জানান, জমি রেজিস্ট্রি আইন চালু হওয়ার পর গত ছয়দিনে জেলার সাতটি সাব রেজিস্ট্রার অফিসে একটিও দলিল রেজিস্ট্রি হয়নি।
এদিকে সরকার জমি রেজিস্ট্রেশন আইনসহ ভূমি সংক্রান্ত আইনের সঠিক বাস্তবায়নের বিষয়টি তদারক করতে দু’ধরণের মনিটরিং সেল গঠন করেছে। আইন মন্ত্রনালয় সুত্রে জানা যায়, মনিটরিং সেল কেন্দ্রীয়ভাবে ও জেলা পর্যায়ে কাজ করবে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) হবেন চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মনিটরিং সেলের আহ্বায়ক এবং জেলা পর্যায়ে জেলা রেজিস্ট্রার হবেন ছয় সদস্য বিশিষ্ট মনিটরিং সেলের আহ্বায়ক।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এর আগে বলেছেন, ভূমি রেজিস্ট্রেশনের নতুন আইন চালুর ফলে ভূমি বন্ধক, ক্রয়-বিক্রয় আগের চেয়ে সহজ ও স্বচ্ছ হয়েছে। আইনি জটিলতাও এখন অনেক সহজে মিটানো যাবে।
