ফরিদপুর ও নোয়াখালীতে ৩ টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ফরিদপুর এবং নোয়াখালীতে তিনটি সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ পাঁচ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।
বুধবার সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমির মুন্সির হাটে একটি যাত্রীবাহী বাস অপরদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে একটি গাছের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে বাসের হেলপার বাচ্চু (২০) এবং অজ্ঞাত পরিচয় এক শিশু (১২) নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও এক শিশু মারা যায়।
এ দুর্ঘটনায় আহত হয় ১৫ জন বাসযাত্রী। আহতদের নোয়াখালী সদর হাসপাতাল ও চৌমুহনীর বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ভাঙ্গা-খুলনা মহাসড়কে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার বিএসটিআই এর একটি মোবাইল কোর্টের পিকআপ ভ্যানকে পেছনের দিক থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে কোতয়ালী থানার পুলিশ কনস্টেবল দেলোয়ার জাহান ঝন্টু (৩২ ) নিহত হয়।
এ ঘটনায় গোপালগঞ্জ দ্রুত বিচার আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তফা কামালসহ দুই পুলিশ ও দুই আনসার সদস্য আহত হয়।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুরে অপর এক দুর্ঘটনায় আজাহার মল্লিক (৪০) নামে এক টেম্পু চালক নিহত হয়েছে।
