বাগেরহাটে এমপির স্বাক্ষর জাল, ডিসির হাতে প্রতারক আটক
বাগেরহাট সদর আসনের সংসদ সদস্যের স্বাক্ষর জাল করে প্রকল্প অনুমোদন করাতে গিয়ে কেএম নজরুল ইসলাম (৩৫) নামের একজন প্রতারক ডিসির কাছে হাতেনাতে ধরা পড়েছে।
জেলা প্রশাসক মো. মঈনউদ্দিন প্রতারক নজরুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।
জেলা প্রশাসক জানান, মঙ্গলবার রাতে নজরুল ইসলাম তার বাসভবনে এসে খাসজমি ও জলমহাল বরাদ্দসহ পাঁচটি প্রকল্প অনুমোদনের জন্যে আবেদনপত্র জমা দেয়। আবেদনপত্রে বাগেরহাট সদর আসনের এমপি এমএএইচ সেলিমের সুপারিশ ছিল। জেলা প্রশাসকের সন্দেহ হলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, এমপি ওই নামে কাউকে চেনেন না এবং উল্লেখিত প্রকল্পের ব্যাপারে তিনি সুপারিশও করেননি।
এ ব্যাপারে জেলা প্রশাসক বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
