চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু
চট্টগ্রামের বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলার সাক্ষ্যগ্রহণ বুধবার শুরু হয়েছে।
আদালত এই মামলায় আটক পাঁচ আসামীর জামিন মঞ্জুর করেছেন।
২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম বন্দরের ইউরিয়া ফার্টিলাইজার জেটি দিয়ে পাচারের সময় ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়।
চট্টগ্রাম মহানগর স্পেশাল ট্রাইবুনালে মামলার বাদী পুলিশের পরিদর্শক কর্ণফুলী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমানের সাক্ষ্য গ্রহন করা হয়। আসামী পক্ষের আইনজীবিরা আহাদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেন।
এদিন এই মামলায় আটক পাঁচ আসামীর জামিনও মঞ্জুর করেন স্পেশাল ট্রাইবুনালের বিচারক আনোয়ার হোসেন। অপর ছয় আসামীর জামিন আবেদন বাতিল করে দেন বিজ্ঞ বিচারক।
জামিনপ্রাপ্তরা হচ্ছে, এজহার মিয়া, ফজল আহমদ, আলী আকবর, সানোয়ার হোসেন ও দিলদার হোসেন। যাদের জামিন আবেদন বাতিল হয়েছে তারা সবাই অস্ত্রবহনকারী ট্রাকের চালক।
এদিকে সরকার পক্ষের আইনজীবির অবেদনের প্রেক্ষিতে আদালতে আটক অস্ত্র ও গোলাবারুদের নমুনা পেশ করা হয়। সেনাবাহিনীর অর্ডিন্যান্স ডিপোর মেজর সালেকীনের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল পাঁচ প্রকার অস্ত্র, চার প্রকার গুলি, রকেট লাঞ্চার ও গ্রেনেডের নমুনা পেশ করেন।
আদালত মামলার নতুন তারিখ ধার্য করেছেন ৭ আগষ্ট। ওইদিন বাদীকে ফের জেরা করা হবে।
