প্রশাসনের দক্ষতা উন্নয়নে ইউএনডিপি’র সাতে সরকারের বিশেষ প্রকল্প গ্রহণ
২১ শতকের প্রশাসনের জন্য সরকারি কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এক বছর মেয়াদী একটি প্রস্তুতিমূলক সহায়তা প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন শুরু করেছে জাতিসংঘ উন্নয়ন প্রকল্প (ইউএনডিপি) এবং বাংলাদেশ সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ১৩ লাখ মার্কিন ডলার।
প্রকল্পের কার্যকারিতা, দক্ষতা, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সংস্থাপন মন্ত্রণালয় এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)। এবছর ১ আগষ্ট শুরু হয়ে প্রকল্প চলবে ২০০৬ সালের ৩১ জুলাই পর্যন্ত।
নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, লোক প্রশাসনের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ২১ শতকের উপযোগী করে গড়ে তুলতে ইউএনডিপি কর্তৃক গৃহীত দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে বেশ কয়েকটি নির্দিষ্ট প্রতিষ্ঠান এবং স্টেকহোল্ডারদের দক্ষতা মূল্যায়ন নিশ্চিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
এই সহায়ক প্রকল্প চলাকালে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের দক্ষতা উন্নয়নে মাঠ পর্যায়ে কাজ করা হবে এবং প্রাথমিক কিছু পদক্ষেপ নেয়া হবে যাতে করে প্রতিষ্ঠানটি দেশের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র এবং লোক প্রশাসনের মূল থিংক ট্যাংক হিসেবে গড়ে উঠতে পারে।
এই প্রকল্পের আওতায় বিপিএটিসি এবং সংস্থাপন মন্ত্রণালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিভিল সার্ভিসের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইন্টারনেট ও লোকাল এরিয়া নেটওয়ার্কের (খঅঘ) সুবিধা প্রদান এবং বিপিএটিসি’র পাঠক্রম পুর্নমূল্যায়নও করা হবে।
এই প্রকল্পের আওতায় আরও যেসব কাজ করা হবে সেগুলো হচ্ছে- প্রশাসনের নিয়োগ সংক্রান্ত নীতি পরীক্ষানিরিক্ষা ও পাবলিক সার্ভিস কমিশনের জন্য একটি খসড়া প্রকল্প প্রস্তাব গঠন, সিভিল সার্ভিসের জন্য আচরণবিধি প্রণয়ন, লোক প্রশাসন প্রশিক্ষণ নীতির জন্য একটি বিস্তারিত মূল্যায়ন পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় প্রশিক্ষণ নীতির প্রতি সমর্থন।
