সাংবাদিক বেলাল হত্যার পরিকল্পনাকারী ধীরা ঢাকায় গ্রেপ্তার
খুলনায় সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও অর্থযোগানদাতা, শিবিরের সাবেক ক্যাডার শাহাবুদ্দিন লস্কর ধীরাকে (৩৫) পুলিশ মঙ্গলবার দুপুরে ঢাকার মালিবাগ থেকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের খবর পেয়ে খুলনা মেট্টোপলিটন পুলিশের সাত সদস্যের একটি দল ধীরাকে ঢাকা থেকে খুলনায় নিয়ে আসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দফতর) এম আজাদ আলী ধীরার গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন।
সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে মালিবাগ সিআইডি অফিস এলাকার পাশ থেকে পল্টন থানা পুলিশের দারোগা শাহ আলম ধীরাকে গ্রেপ্তার করে। ২১ আগষ্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ধীরার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এ মামলায় গ্রেপ্তারকৃত জজ মিয়া তার স্বীকারোক্তিতে ধীরার কথা বলেছে। এছাড়াও গোপালগঞ্জে ৭৬ কেজি বোমা পুতে রাখার প্রধান আসামী মুফতি হান্নানের সাঙ্গেও ধীরার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে চরমপন্থী, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে ধীরার বিরুদ্ধে।
উল্লেখ্য, দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান ও মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বেলাল উদ্দিন ফেব্রুয়ারি মাসে বোমা হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
