গান গাইলে নাক ডাকা বন্ধ হবে!
লন্ডনের রয়েল ডিভন ও এক্সিটার হাসপাতালের চিকিৎসকরা নাক ডাকা লোকদের পাশে দিব্বি আরামে ঘুমানোর জন্য সঙ্গীতকে কিভাবে কাজ করতে পারে সে ব্যাপারে একটি ব্যবহারিক গবেষণা চালিয়ে যাচ্ছেন।
ডেইলি মেইল সূত্রে জানা গেছে, অটোলারিনগোলোজিস্ট কনসালটেন্ট ম্যালকম হিল্টন এ গবেষণা কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। এদিকে হিল্টনের গবেষণাকে তরান্বিত করতে এক্সিটার ভিত্তিক সঙ্গীত শিক্ষক এলিস ওজে তার প্রধান গবেষণার অংশ হিসেবে নাক ডাকা লোকদের জন্য কিছু সাঙ্গীতিক ব্যায়ামের কৌশল উদ্ভাবন করেছেন।
কণ্ঠনালীর যেসব সমস্যার কারণে নাক ডাকার সৃষ্টি হয় এবং ঘুমের মধ্যে শ্বাসরোধ হয়ে যায় সেসব দূর করার জন্য এ বিশেষ ব্যায়ামের কৌশল উদ্ভাবন করা হয়েছে।
ব্যবহারিক ওই গবেষণায় দীর্ঘদিন ধরে নাকা ডাকায় ভুগছেন তেমন ৬০ জন রোগীকে নির্বাচন করা হয়েছে। তাদের দুটি দলে ভাগ করে একটি দলে পরীক্ষামূলক ভাবে ব্যায়াম হিসেবে তিন মাস গানের অভ্যাস চালিয়ে যেতে বলা হয়েছে এবং অপর দলটির দৈনন্দিন জীবনে আনা হয়নি কোনই পরিবর্তন।
হিল্টন এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, বিশ্বের কয়েক লাখ মানুষ নাক ডাকা এবং ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভুগছে। এটা জীবনের জন্য যদিও হুমকি নয়, কিন্তু তারপরও এটি অস্বাভাবিক বিপত্তি সৃষ্টি করে এবং লোকজন এজন্য প্রায়ই ডাক্তারের শরণাপন্ন হয়।
ঘুমের মধ্যে শ্বাসকষ্টে ভোগা রোগীদের দিনের বেলায় ঘুম পায় এবং এর ফলে রোগীরা বিরক্তি ও হতাশা বোধ করে এবং ধীরে ধীরে তাদের বোধশক্তি কমে আসে। আমাদের এ ব্যবহারিক গবেষণা কার্যক্রমের সাঙ্গীতিক ব্যায়ামের মাধ্যমে সুফল পাওয়া গেলে ওষুধ খাওয়া বা অস্ত্রোপচার থেকে রোগীরা রেহাই পাবে।
