২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ২৩ ডাকাতের স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানের ২৩ জন ডাকাত স্বাভবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করে ভাঙ্গা থানা পুলিশের কাছে আত্মসমর্পন করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 12:28 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

আত্মসমর্পনকারী ডাকাতদের কর্মসংস্থানের সুযোগ করে দিলে আরও অনেকে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ভাঙ্গা থানা পুলিশ জানায়, থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন ভাঙ্গা থানায় যোগদানের পর চোর-ডাকাত গ্রেফতারের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে সভা করে চিহ্নিত চোর-ডাকাতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেন। তাদের এই আশ্বাস পেয়ে এলাকার চোর-ডাকাত ও সমাজ বিরোধীরা  চুরি-ডাকাতি ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী হয়।

জানা যায়, গত ১ মাসে ভাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের ২৩ জন ডাকাত ভাঙ্গা থানা পুলিশের কাছে আত্মসমর্পন করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসিরউদ্দিন বিডিনিউজকে জানান, এলাকার চেয়ারম্যান-মেম্বারদের সহযোগিতায় আইন-শৃংখলা পরিস্থিতির স্বার্থে সমাজ বিরোধীদের গ্রেফতারের পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দেয়া হয়েছে।

আত্মসমর্পনকারী মজিবর বিডিনিউজকে বলেন, একবার যখন সুযোগ পেয়েছি তখন সৎভাবে জীবনযাপন করব।