টানা বর্ষনে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি, ভাঙনের মুখে বহু গ্রাম
গত কয়েকদিনের প্রবল বর্ষনে দেশের বিভিন্ন অঞ্চলের পানি বৃদ্ধি পেয়েছে। খুলনাসহ দেশের বেশ কটি অঞ্চলের নদনদী গুলোতে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বহু গ্রাম ভাঙনের মুখে পড়েছে।
বিডিনিউজের খুলনা প্রতিনিধি জানান, প্রবল বর্ষনে খুলনার ৭টি নদীর পানি বিপদ সীমা ছুঁই ছুঁই করছে। জেলার বিভিন্ন অঞ্চলে ৪৫টি গ্রাম ভাঙ্গনের মুখে পড়েছে। দাকোপে উপজেলায় সবচে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রূপসা, ভৈরব, শিবসা, পশুর, কপোতাক্ষ, শাকবাড়িয়া ও আঠারোবেকী নদীর পানি বিপদ সীমার কাছাকাছি চলে এসেছে।
নদীর স্বাভাবিক পানি প্রবাহে দুই দশমিক ৫৯ সেন্টিমিটার অতিক্রম করলে সেই পানি প্রবাহকে বিপদসীমা অতিক্রম ধরা হয়। চলতি জুলাই মাসের প্রথম তিনদিন খুলনার নদীগুলোতে পানি প্রবাহের সর্বোচ্চ মাত্রা ছিল যথাক্রমে দুই দশমিক ২৯, এক দশমিক ৯৩ ও দুই দশমিক ৩২ সেন্টিমিটার।
প্রবল বর্ষনের ফলে খুলনার দাকোপ, বয়রা, বটিয়াঘাটা পাইকগাছা উপজেলা এলাকায় সবচেয়ে বেশী নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
এ অঞ্চলের ৪৫টি গ্রাম ভাঙ্গন কবলিত হয়ে পড়েছে। দাকোপ উপজেলার ২২টি গােম এবং দাকোপ সদরসহ উপজেলার রাস্তাঘাট ভয়াবহ ভাঙ্গনের মুখে পড়েছে। এসব এলাকার লোকজন অন্যত্র সরে যাচ্ছে। ভাঙ্গনের মুখে রয়েছে আমতলা পুলিশ ফাঁড়ি।
কয়রা উপজেলার কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী ভাঙ্গনের মুখে পড়েছে গোয়ালাখালী, বিনাপানি, কয়রা, মদিনাবাদ লঞ্চঘাট এলাকা, মহেশ্বরীপুর কালিবাড়ী, খাজুরা বাজারসহ বিভিন্ন এলাকা।
এছাড়া ডুমুরিয়া উপজেলার জালিয়াখালি এলাকায়ও ভাঙ্গন দেখা দিয়েছে।
এদিকে বিডিনিউজের নোয়াখালী প্রতিনিধি জানান, কয়েক দিনের প্রবল বর্ষন ও মেঘনার জোয়ারের তোড়ে বেড়ি বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করে হাতিয়ার নিুাঞ্চল প্লাবিত হয়েছে। এর ফলে নলচিরা ও চরঈশ্বর জেলে কলোনির সহস্রাধিক পরিবার পানিবন্দি হয়ে আছে। অবিরাম বর্ষনের ফলে নলচিরা, ওয়াপদা ও লম্বরিয়া বেড়ি বাঁধের বিভিন্ন স্থানে ধ্বস দেখা দেয় এবং লম্বরিয়া স্লুইচ গেইটের অদূরে বেড়ি ভেঙ্গে জোয়ারের পানি প্রবেশ করে। ফলে বৃষ্টি থামার পরও এই পানি নামতে সময় লাগবে বলে স্থানীয়রা জানান।
এদিকে ভেঙে যাওয়া বেড়ি বাঁধ মেরামত না করায় ভাঙ্গন আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া গতবারের বন্যার পর মাইজদী-চৌমুৃহনী সড়কের পাশের খালটি এবং নোয়াখালী শহরের ডোবা ও নর্দমাগুলো সংস্কার না করায় গত ক‘দিনের প্রবল বর্ষনে নোয়াখালী পৌর ভূমি অফিস, টেলিফোন রাজস্ব অফিস, কালেক্টরেট ভবন, নোয়াখালী সরকারি আবাসিক এলাকা ও হাউজিং এলাকার রাস্তাঘাট পানিতে ডুবে যায়।
আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, টানা বর্ষনে সাতক্ষীরার সীমান্তবর্তী ইছামতি নদীর পানি বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী ভাঙ্গন কবলিত গ্রামগুলোতে নতুন করে ভাঙ্গন শুরু হয়েছে। পানি বাড়ার সাথে সাথে দেবহাটার ১০টি গ্রামে বাড়ছে ভাঙ্গন।
খোঁজ নিয়ে জানা যায়, আগ্রাসী ইছামতি শুধু দেবহাটা নয়, সদর উপজেলা ও কালিগঞ্জ উপজেলার একাধিক গ্রামের অস্তিত্ব কেড়ে নিচ্ছে। সদর উপজেলার হাওড়দাহ, শ্রীরামপুর, দেবহাটার কোমরপুর, ভাতশালা, বসন্তপুর, শিবনগর ও কালিগঞ্জের খানজিয়াসহ একাধিক গ্রাম ও গ্রামের অংশ ইছামতি গ্রাস করছে।
