দেশে সরকার বা রাষ্ট্র ব্যবস্থা আছে কি? : সংসদে জামায়াত সাংসদের প্রশ্ন
দেশে কোনো সরকার বা রাষ্ট্র ব্যবস্থা আছে কিনা, এ নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ জোট সরকারের শরিক জামায়াতে ইসলামীর সাংসদ মিয়া গোলাম পরওয়ার।
সোমবার জাতীয় সংসদে পাটকল শ্রমিকদের দুর্দশা নিয়ে ৭১ বিধিতে দেওয়া মনোযোগ আকর্ষণী নোটিশের সম্পুরক অংশে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন।
তিনি বলেন, পাটকলের শ্রমিকদের চাকরি আছে কাজ নেই, নেই বেতন-ভাতাও। এ অবস্থা চলছে গত ছয় মাস ধরে। এ অবস্থা কোনো সভ্য দেশে থাকতে পারে না। দেখে মনে হয়, দেশে কোনো সরকার বা রাষ্ট্র ব্যবস্থা নেই।
এর আগে তার নোটিশের জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী শাজাহান সিরাজ বলেন, দেশের পাটকলগুলোতে বর্তমানে প্রায় ৪ হাজার কোটি টাকার দেনা ও বকেয়া রয়েছে। যা পরিশোধ করার ক্ষমতা মন্ত্রণালয়ের নেই। তাই এ ব্যাপারে সরকারের শীর্ষ পর্যায়ের হস্তক্ষেপ দরকার।
সরকারের শীর্ষ পর্যায় থেকে এ সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
