অতিরিক্ত সেশন জজ, পিপি ও সোয়েব চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননা মামলার রায় ২৬ জুলাই
আগামী ২৬ জুলাই ঢাকা মহানগর অতিরিক্ত সেশন জজ শামসুল আলম খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ মাহমুদ হাসান ও একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি সালাহউদ্দিন সোয়েব চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননা মামলার রায় ঘোষণা করবেন হাইকোর্ট।
মামলার শুনানি চলাকালে সোমবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হক আজাদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সালাহউদ্দিন সোয়ের চৌধুরীকে আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন।
একই সাথে আদালত সালাহউদ্দিন সোয়ের চৌধুরীকে আগামী ২৬ জুলাই আদালতে হাজির থাকার নির্দেশ দেন।
আদালত অবমাননার দায়ে অভিযুক্তরা তাদের আইনজীবীদের মাধ্যমে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চায়।
আদালত বলেন, অভিযুক্তরা হাইকোর্টের আদেশ অমান্য করে আদালতের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।
এর আগে অভিযুক্তদের লিখিতভাবে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়।
হ্ইাকোর্ট গত ২০ জুন আদালতের সামনে হাজির হওয়ার বাধ্যবাধকতা থেকে শামসুল আলম খান এবং আব্দুল্লাহ মাহমুদকে অব্যাহতি দেন।
এর আগে হাইকোর্টের রুল থাকা সত্ত্বেও সালাউদ্দিন শোয়েব’কে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় জামিন মঞ্জুর করায় আদালত ১৬ মে তাদের বিরুদ্ধে সুয়োমটো রুল জারি করে।
২০০৩ সালের ২৯ নভেম্বর জিয়া আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে শোয়েব চৌধুরী গ্রেপ্তার হন। ২০০৪ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করা হয়।
এ বছরের ১৪ মার্চ শোয়েব চৌধুরী’র পক্ষে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়। তবে উক্ত আদালত তার আবেদন খারিজ করে দেন। এরপর ২৮ মার্চ হাইকোর্টে তিনি আরেকটি জামিন আবেদন দায়ের করেন। এই আবেদনের প্রেক্ষিতে বিচারক খাদেমুল ইসলাম চৌধুরী এবং বিচারক এমদাদুল হক’র সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ সরকারের ওপর রুল জারি করে। এমতাবস্থায়, অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচারক শামসুল আলম খান শোয়েব চৌধুরীর জামিন মঞ্জুর করেন। শুনানিকালে তদন্ত কর্মকর্তা জামিন আদেশের কোন বিরোধিতা করেননি।
সেশন জজ শামসুল আলম খানের পক্ষে খন্দকার মাহবুব হোসেন, পিপি আব্দুল্লাহ মাহমুদ হাসানের পক্ষে এডভোকেট তমিজদ্দিন, সালাউদ্দিন শোয়েব চৌধুরী’র পক্ষে এডভোকেট মোহাম্মদ উল্লাহ কিসলু এবং সরকারের পক্ষে ডেপুটি এটর্ণি জেনারেল নিখিলেশ দত্ত আদালতে মামলা পরিচালনা করেন।
