র্যাব দিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে মানবাধিকার লংঘন করছে সরকার: আইন ও সালিশ কেন্দ্রের সভায় বক্তারা
রাষ্ট্রের প্রত্যক্ষ মদদে বিশেষ বাহিনী র্যাব দিয়ে দেশব্যাপী নির্বিচারে মানুষ হত্যা করে মানবাধিকার লংঘন করছে সরকার।
আইন ও সালিস কেন্দ্র (আসক) আয়োজিত ‘র্যাব: সন্ত্রাস নির্মূল না রাষ্ট্রের সন্ত্রাস’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে রোববার উদ্যোক্তারা এ অভিমত ব্যক্ত করলেও সভায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনেক বক্তা এর সাথে দ্বিমত পোষণ করে বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যখন চরমপন্থী সন্ত্রাসীরা সাংবাদিকসহ নিরীহ মানুষদের হত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ ও ডাকাতি করে, তখন মানবাধিকার সংগঠনগুলো চুপ থাকে।
জাতীয় প্রেস ক্লাবে র্যাব এর ক্রসফায়ারের পক্ষ-বিপক্ষের আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে যখন এ প্রকাশনা অনুষ্ঠান চলছিল, তখন প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করে। প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড বহন করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তবে কারা এ অনুষ্ঠানের আয়োজন করে, তা জানা যায়নি।
আসক এর অনুষ্ঠানে আলোচনাকালে সাবেক বিচারপতি গোলাম রাব্বানী ক্রসফায়ারের সমালোচনা করে বলেন, যে সমাজে মানুষ রাষ্ট্রীয় সন্ত্রাস মেনে নেয়, সে সমাজে নৈতিক অবক্ষয় শুরু হয়েছে।
আসক এর নির্বাহী পরিচালক সুলতানা কামাল র্যাবের ক্রসফায়ারের সমালোচনা করে বলেন, সাংবিধানিক উপায়ে প্রচলিত আইনে সন্ত্রাস নির্মূল করতে হবে।
তিনি বলেন, দেশের শতকরা ৯৯ ভাগ মানুষও যদি র্যাবের ক্রসফায়ার মেনে নেয়, তাহলেও আমরা এর প্রতিবাদ করবো। কারণ, বিনা বিচারে মানুষ হত্যা মানবাধিকারের লংঘন।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস বাবু বলেন, র্যাবের এর আচরণবিধিতে অনৈতিক কর্মকা-ের জন্যে র্যাব সদস্যদের শাস্তির বিধান রাখা হয়েছে। অথচ র্যাবের হাতে কেউ খুন হলে এর বিচারের কোনও বিধান রাখা হয়নি। তিনি বলেন, এটি সভ্য সমাজের আইন হতে পারে না।
তিনি বলেন, এ পর্যন্ত ক্রসফায়ারে জামাত-শিবিরের কোনও ক্যাডার নিহত হয়নি।
চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী আহমদ্যা হত্যার প্রসঙ্গ উল্লেখ করে অ্যাডভোকেট কুদ্দুস বলেন, বিএনপিতে যোগ দেওয়ার কারণেই জামাতের সন্ত্রাসীকে র্যাব ঠা-া মাথায় খুন করেছে, যাতে ভবিষ্যতে কেউ আর জামাত না ছাড়ে।
তিনি বলেন, রাষ্ট্রীয় মদদে র্যাবের এ সন্ত্রাস পাল্টা সন্ত্রাসবাদের জন্ম দিতে পারে।
অনুষ্ঠানে মুক্ত আলোচনায় খুলনার মিজানুর রহমান বলেন, র্যাব এ পর্যন্ত ১০০ সন্ত্রাসীকে হত্যা করেছে। অথচ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিষিদ্ধ পার্টির সদস্যদের হাতে খুন হয়েছে হাজার হাজার নিরীহ নারী, পুরুষ ও শিশু।
তিনি বলেন, সন্ত্রাসীরা ঘর থেকে তরুণী মেয়েদের ধরে এনে ধর্ষণ করেছে। দক্ষিণাঞ্চলে একটি মেয়েকে দশ বার ধর্ষণের উদাহরণ টেনে তিনি বলেন, তখন মানবাধিকার কর্মীরা কোথাও ছিল? অথচ র্যাব যখন সন্ত্রাসী ধরে ধরে নির্মূল করছে, তখন মানবাধিকার কর্মীরা এর প্রতিবাদ করছে।
অন্য একজন বক্তা অবসরপ্রাপ্ত কর কমিশনার নুরুল হক মিয়া ক্রসফায়ারের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সন্ত্রাসী হামলা হলে জীবন বাঁচাতে রাষ্ট্রের যে কোনও নাগরিকেরই পাল্টা হামলা করার অধিকার সংবিধানে আছে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী শুধুমাত্র সন্ত্রাসীদের ধরলেই হবে না, তাদের গডফাদারদেরও নির্মূল করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টঙ্গীতে র্যাবের হাতে নিহত সুমন মজুমদারের পিতা মনির আহমেদ মজুমদার। তিনি তার ছেলের নিহত হওয়ার ঘটনা বর্ণনা করেন।
