নিশ্চিত পরাজয় জেনে বিরোধীদল দেশে অরাজকতা সৃষ্টি করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আগামী সাধারণ নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিরোধী দল নির্বাচন বয়কট এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরিবর্তনের কথা বলছে।
প্রধানমন্ত্রী শনিবার দুপুরে জামালপুরের মেলান্দহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল জনসমাবেশে বক্তৃতাকালে একথা বলেন। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে সমাবেশে ব্যাপক জনসমাগম ঘটে।
প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, এদশের মানুষ শান্তিপ্রিয়, যারা দেশকে ভালবাসে এবং জনগণের ওপর যাদের আস্থা আছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ ২০০৭ সালের নির্বাচনে বিএনপি ও তার জোটকেই ভোট দেবে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাসীন জোট সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের বাস্তবায়ন দেখে বিরোধী দল ভয় পেয়ে গেছে। এজন্যে তারা সন্ত্রাস, হরতাল, ধর্মঘটসহ অরাজকতার পথ বেছে নিয়েছে।
তিনি বলেন, একটি অংশ দেশের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। তাদের অপপ্রচার ও মিথ্যাচার প্রবাসী বাংলাদেশীদের সমস্যা সৃষ্টি করছে।
খালেদা জিয়া বলেন, বিরোধী দল বিভিন্ন সময় অপপ্রচারের মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণœ করেছে। দেশে যা ঘটেনি, বিদেশের কাছে তারা তাই তুলে ধরছে।
জনগণকে সতর্ক থাকা এবং আগামী নির্বাচনে বিএনপি-জামাত জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেন, বিরোধী দল আজ ধ্বংসের রাজনীতির চর্চা করছে এবং দেশের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয়েছে।
খালেদা জিয়া বলেন, বিরোধী দল বিএনপি সরকার গৃহীত প্রতিটি উন্নয়ন পদক্ষেপের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ক্ষমতায় থাকতে তারা ব্যাপক লুটতরাজ করেছে এবং জনগণের কল্যাণে কোনও কাজ করেনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে এবং নির্বাচনী ইস্তেহার অনুযায়ী দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। এছাড়াও জোট সরকার প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করেছে।
খালেদা জিয়া বলেন, বর্তমান সরকারের কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশ প্রতি ক্ষেত্রে নির্ভর হয়ে উঠবে।
তিনি আগামী সাধারণ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।
মেলান্দহ থানা বিএনপি’র সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এম আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী বক্তৃতা করেন।
