২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরে আবার ফ্লাইট ওঠামানা শুরু

বিমান দুর্ঘটনার ২৪ ঘন্টা পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকাল থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 03:31 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

শুক্রবার সকালে বিমানের একটি ডিসি ১০ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ার পর তাৎক্ষনিকভাবে ওই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়।

সিভিল এভিয়েশন সূত্র জানায়, শনিবার সকালে বিমান ও জিএমজি এয়ারলাইন্সের দুটি যাত্রীবাহি ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। কোনো সমস্যা ছাড়াই বিমান দুটি অবতরণ করে।

বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার এএসএম ফরহাদ বিডিনিউজকে জানান, শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ওঠানামার জন্য উপযোগি করা হয়।

তারা আশা করছেন, শনিবার বিকাল ৪টার পর বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের জন্য উন্মুক্ত করা যাবে।

এদিকে সিভিল এভিয়েশনের পরিচালক (ফ্লাইট সেফটি) হাবিব উল্লাহ’র নেতৃত্বে দুর্ঘটনা তদন্তে গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল শনিবার সকালেও বিধ্বস্ত ডিসি ১০ উড়োজাহাজটি পরিদর্শন করেছেন। তদন্ত দল শুক্রবারই উড়োজাহাজটির ‘ব্ল্যাক বক্স’ উদ্ধার করে। শনিবার তা পাঠানো হয় ঢাকায়।

শুক্রবার সকালে ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে ২০০ জন যাত্রী নিয়ে দুবাই থেকে আসা বিমানের ডিসি ১০ উড়োজাহাজটি দুর্ঘটনায় পড়ে। অল্পের জন্য প্রাণে রক্ষা পান এর আরোহীরা ।

ওই দুর্ঘটনার পর বিদ্ধস্ত উড়োজাহাজটি উদ্বার তৎপরতার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শুক্রবার ও শনিবার এই দুদিনের জন্য চট্টগ্রাম বিমানবন্দরে সবধরণের ফ্লাইট চলাচল স্থগিত ঘোষেণা করে। বাতিল করা হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের অন্তত: ১৭ টি যাত্রীবাহি ফ্লাইট।