ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বানের মধ্য দিয়ে সাদাফিতা দিবস পালন
ধনী দেশের কাছে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানিয়ে শুক্রবার নগরীতে প্রথম বিশ্ব সাদা ফিতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের (সিএএমপিই) সহযোগিতায় পিপলস ফোরাম অন মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচির মধ্যে ছিল স্বাক্ষর অভিযান, সঙ্গীত পরিবেশন এবং কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ।
শারিরিক প্রতিবন্ধীসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং দারিদ্র পিড়িত মানুষ এ সকল কর্মসূচিতে অংশ নেয়।
পিপলস ফোরাম অন মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল, বাংলাদেশ এর আহ্বায়ক রাশেদা কে চৌধুরী বলেন, ‘দারিদ্রমুক্ত বিশ্ব, খাদ্য ও শিক্ষার নিশ্চয়তা’ এই শ্লোগান সহকারে বাংলাদেশসহ ১২৪ টি দেশে দিবসটি পালিত হয়েছে।
বাংলাদেশ উন্নয়ন পরিষদের পরিচালক নিলুফার বানু দিবসের ঘোষণা পাঠ করেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফি আহমেদ এবং সাংবাদিক কামরুজ্জামান কামাল বক্তৃতা করেন।
