২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্য রোধে জিএটিএস মোড ৪’র উদারীকরণের দাবি

অভিবাসী অধিকার রক্ষায় সক্রিয় সংগঠনগুলো শুক্রবার ‘সকল অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্মেলনে’র অনুসমর্থনের দাবি জানিয়েছে। অভিবাসীদের বিরুদ্ধে সন্ত্রাস ও নির্যাতন বন্ধে এবং তাদের মানবাধিকার নিশ্চিত করতে ১৯৯০ সালে জাতিসংঘ বিষয়টি অনুমোদন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

জিএটিএস  (জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড ইন সার্ভিস ) মোড ৪ কে বৈষম্যমূলক হিসেবে উল্লেখ করে তারা এই মোডের উদারী করণের দাবি জানান।

মাইগ্রেন্ট রাইটস ইউএন কনভেনশন’ ১৯৯০- এন্টার ইনটু দ্য ফোর্স’ দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম প্রচার অভিযানে তারা এ দাবি জানান।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), মাইগ্রেন্ট ফোরাম ইন এশিয়া (এমএফএ) এবং রিফিউজি এ্যাক্ট মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (আরএএমএমইউ) সহযোগিতায় প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের কল্যাণ সমিতি (ডব্লিউএআরবিই) এ কর্মসূচির আয়োজন করে।

ডব্লিউএআরবিই’র ভাইস চেয়ারম্যান মাসুদ পারভেজ বলেন, প্রবাসী বাংলাদেশীরা প্রতিবছর বিপুল অঙ্কের টাকা দেশে পাঠায়। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত অর্থবছর প্রবাসী বাংলাদেশীরা সর্বমোট ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছে। যা বৈদেশিক সাহায্যের দ্বিগুন এবং দেশের মোট রপ্তানি আয়ের ৪৮ দশমিক ৫ শতাংশ।

জিএটিএস মোড ৪’র সম্পর্কে তিনি বলেন, এই মোড শুধুমাত্র বিনিয়োগকারী বহুজাতিক কোম্পানীর স্বার্থ রক্ষা করে। ফলে সারা বিশ্বের দক্ষ এবং অদক্ষ কোটি কোটি অভিবাসী শ্রমিক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

বিদেশে প্রবাসী বাংলাদেশীদের কিছু বেদনাদায়ক কাহিনী উপস্থাপন করে তিনি অধিকার রক্ষায় শ্রমিকদের প্রশিক্ষণ ও আইনি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

মিডিয়া ক্যাম্পেইনে ডব্লিউএআরবিই’র চেয়ারম্যান সাইফুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে ডব্লিউএআরবিই’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, আইওএম’র অফিসার ইন চার্জ নুরুল ইসলাম মোল্লা উপস্থিত ছিলেন।